নতুন বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর পশ্চিমবঙ্গের শিল্প পরিস্থিতি নিয়ে আশাবাদী হতে শুরু করেছে শিল্পমহল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিল্প ও জমি সংক্রান্ত অবস্থানকে স্বাগত জানিয়ে ইতিবাচক বার্তা দিল রাজ্যের দুই প্রভাবশালী বণিকসভ-বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BCC&I) এবং মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (MCCI)।
শিল্পোন্নয়ন (Industrial Growth) এবং কর্মসংস্থান (Employment Generation)-এর লক্ষ্যে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার উপর জোর দেওয়ায় মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বেঙ্গল চেম্বার। সংগঠনের ডিরেক্টর জেনারেল শুভদীপ ঘোষ বলেন, সরকার শুধু আলোচনায় সীমাবদ্ধ না থেকে প্রকৃত বিনিয়োগ (Investment) এবং কর্মসংস্থান তৈরির দিকে নজর দিচ্ছে, যা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ।
অন্যদিকে, মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (MCCI) তাদের বিবৃতিতে জানিয়েছে, পশ্চিমবঙ্গের শিল্প পুনরুজ্জীবনের (Industrial Revival) জন্য টাটা গোষ্ঠীর মতো বৃহৎ শিল্পসংস্থার প্রত্যাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সরকার যে বিনিয়োগ-বান্ধব (Investor Friendly) পরিবেশ তৈরির জন্য জমি নীতি পুনর্বিবেচনার পথে হাঁটছে, তাকেও স্বাগত জানিয়েছে তারা।
বণিক মহলের মতে, দীর্ঘদিন ধরেই একটি স্বচ্ছ এবং অনুমানযোগ্য (Predictable Policy) জমি নীতির প্রয়োজন ছিল। এমন একটি নীতি, যেখানে শিল্পের প্রসারের পাশাপাশি জমির মালিক এবং স্থানীয় মানুষের স্বার্থও সুরক্ষিত থাকবে।
তবে শিল্পমহলের একাংশ এখনই অতিরিক্ত উচ্ছ্বাসে ভাসতে রাজি নয়। তাঁদের মতে, সরকারের সদিচ্ছা নিঃসন্দেহে ইতিবাচক বার্তা দিয়েছে। কিন্তু জমি, প্রশাসনিক জটিলতা এবং বিনিয়োগ সংক্রান্ত নীতির স্পষ্ট রূপরেখা সামনে আসার পরই প্রকৃত চিত্র পরিষ্কার হবে।
তা সত্ত্বেও, টাটাদের ফেরানোর বিষয়ে সরকারের শীর্ষ নেতৃত্বের ধারাবাহিক বার্তা শিল্পমহলে নতুন আশার সঞ্চার করেছে। অনেকের মতে, সঠিক পরিকল্পনা এবং স্বচ্ছ নীতির মাধ্যমে পশ্চিমবঙ্গ আবারও শিল্প মানচিত্রে নিজের হারানো জায়গা ফিরে পেতে পারে।
