ভোট-পরবর্তী হিংসা উসকানি, অভিযুক্ত পরমব্রত-স্বস্তিকা

বিনোদন সর্বশেষ খবর

পাঁচ বছর আগের এক সামাজিক মাধ্যম পোস্ট ঘিরে ফের বিতর্কে জড়ালেন টলিউডের দুই পরিচিত মুখ পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন করা তাঁদের মন্তব্যকে কেন্দ্র করে ভোট-পরবর্তী হিংসায় উসকানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আইনজীবী জয়দীপ সেন।

অভিযোগকারীর দাবি, ২ মে ২০২১-এ ফল প্রকাশের দিন সমাজমাধ্যমে পরমব্রতের একটি মন্তব্য বিতর্ক সৃষ্টি করে। পরে সেই মন্তব্যে সহমত প্রকাশ করেন স্বস্তিকা। আইনজীবীর অভিযোগ, ওই মন্তব্যগুলি রাজ্যের পরিবেশ উত্তপ্ত করে তোলে এবং তা থেকে হিংসাত্মক ঘটনার প্ররোচনা মেলে। ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

জয়দীপ সেনের আরও দাবি, দুই অভিনেতার মতো প্রভাবশালী ব্যক্তিত্বের মন্তব্যে অনেকে প্রভাবিত হয়ে তৎকালীন সময়ে রাজনৈতিক হিংসায় জড়িয়ে পড়েন। বিজেপি কর্মীদের উপর আক্রমণ, নারী নির্যাতন ও অগ্নিসংযোগের মতো ঘটনায় তাঁদের বক্তব্য পরোক্ষভাবে ভূমিকা রেখেছিল বলেও অভিযোগ করা হয়েছে।

যদিও এই অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত পরমব্রত বা স্বস্তিকার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, সম্প্রতি টেকনিশিয়ান্স স্টুডিয়োয় এক বৈঠকে পরমব্রত অতীতের এক বিতর্ক নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন।

পুরনো মন্তব্য ঘিরে নতুন করে আইনি জটিলতায় জড়ানোয় এই ঘটনা টলিউড মহলে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে।