মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠক ছিল। এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেছিলেন তিনি। সেই বৈঠক সেরে বেরিয়ে শুভেন্দু সাংবাদিকদের জানান স্বাস্থ্য সাথীকে আয়ুষ্মান ভারতে ও লক্ষ্মীর ভান্ডারকে অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট করার কাজ শুরু হয়েছে। বুধবার বিকালে নবান্ন থেকে তিনি ও সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল একটি ফর্ম পাবলিশ করবেন। যে ফর্ম অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পূরণ করতে হবে। এই নতুন প্রকল্পের আর্থিক সুবিধা পেতে গেলে উপভোক্তাদের একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে, যা বুধবারই নবান্ন থেকে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে।
শুভেন্দু আরও বলেন, “এই বিষয়ে বুধবারই বিস্তারিত জানানো হবে। নথিভুক্তিকরণ যত তাড়াতাড়ি করবেন, তত দ্রুত সুবিধা আমরা দিতে পারব।” প্রশাসন সূত্রে খবর, আগামী ১ জুন থেকেই এই নতুন প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। তবে ফর্ম পুরণের প্রক্রিয়া ও যাচাইকরণ চলাকালীন সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, সেই বিষয়টিও নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, উপভোক্তাদের অ্যাকাউন্টে যত দিন না অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা দেওয়া শুরু হচ্ছে, তত দিন পর্যন্ত পুরনো ‘লক্ষ্মীর ভান্ডার’-এর টাকা নিয়ম মেনেই পাবেন তাঁরা।
কিন্তু মহিলারা কীভাবে সেই ফ্রম পূরণ করবেন?
মুখ্যমন্ত্রী জানান অনলাইনের পাশাপাশি অফলাইনে ফ্রম পাওয়া যাবে। তিনি আরও জানান পাবলিকের উপর বিষয়টি শুধু ছেড়ে দেওয়া হবে না, বিধায়করা নিজ উদ্যোগে ফ্রম ফিলাপ করাবেন।
তিনি স্পষ্ট জানিয়ে দেন “মাথায় রাখবেন ভারতীয়রাই সুযোগ পাবেন। ভারতের টাকা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জন্য নয়।”
