আধুনিক ফুটবলের অন্যতম সেরা প্রতিভা হিসেবে লামিনে ইয়ামাল-এর প্রশংসা করলেন স্পেন কোচ লুই দে লা ফুয়েন্তে। তবে লিয়োনেল মেসি-র সঙ্গে তাঁর তুলনায় একেবারেই রাজি নন তিনি। ফুয়েন্তের সাফ কথা, “মেসির সঙ্গে কারও তুলনা হয় না—তিনি অনন্য।”
ফুয়েন্তে মনে করেন, ইয়ামাল অসাধারণ প্রতিভাবান হলেও তাঁকে মেসির সঙ্গে তুলনা করলে অযথা চাপ তৈরি হয়। তাঁর ভাষায়, “মেসি নিজেই ফুটবলের এক প্রতীক। তবে কিছু খেলোয়াড়ের মধ্যে আলাদা এক জাদু থাকে—যেমন মেসি, তেমনই লামিনেও।”
মাত্র ১৮ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলে নিজের ছাপ ফেলেছেন ইয়ামাল। ইউরো কাপে ১৬ বছর বয়সে খেলেই নজর কেড়েছিলেন তিনি। কোচের মতে, এত কম বয়সে খ্যাতি ও প্রত্যাশার চাপ সামলানোর ক্ষমতাই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।
ফুয়েন্তে আরও বলেন, তরুণ ফুটবলারদের ভুল নিয়ে অতিরিক্ত সমালোচনা করা উচিত নয়। “ওরা দিনের পর দিন কঠোর পরিশ্রম করে। একটি ছোট ভুলের জন্য তাঁদের বিচার করা ঠিক নয়,”—মন্তব্য স্পেন কোচের।
সব মিলিয়ে, ইয়ামালকে ভবিষ্যতের তারকা হিসেবে দেখছেন ফুয়েন্তে, তবে মেসির সঙ্গে তুলনা না করে তাঁকে নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ দেওয়ার পক্ষেই তিনি।
