World Cup 2026 : বিশ্বকাপের আগে বিপাকে ইংল্যান্ড, চুরি অনুশীলন সামগ্রী

খেলা

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই অপ্রত্যাশিত সমস্যায় পড়ল ইংল্যান্ড ফুটবল দল। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের অনুশীলনের বেশ কিছু জরুরি সরঞ্জাম চুরি হয়ে যাওয়ার ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য। ইংল্যান্ডের ফুটবল সংস্থা জানায়, ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে প্রস্তুতি শিবির শেষ করে সরঞ্জামগুলি কানসাস সিটিতে পাঠানো হয়েছিল। কিন্তু মিসৌরির সোয়োপ সকার ভিলেজে পৌঁছানোর আগেই রাস্তায় সেই সামগ্রী চুরি হয়ে যায়।

চুরি যাওয়া জিনিসের মধ্যে রয়েছে অনুশীলনের বল, ফুটবলারদের বুট, ম্যাসাজ টেবিল, হোয়াইট বোর্ড এবং বিশ্লেষণ সংক্রান্ত নানা সরঞ্জাম। ইংল্যান্ডের সংবাদমাধ্যমের দাবি, দলের অধিনায়ক হ্যারি কেন এবং তরুণ তারকা জুড বেলিংহ্যামের ব্যক্তিগত বুটও হারিয়ে গিয়েছে। ফলে নতুন সরঞ্জামের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হচ্ছে ফুটবলারদের।

এই ঘটনার ফলে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচের প্রস্তুতিতে কিছুটা বিঘ্ন ঘটেছে বলে মনে করা হচ্ছে। যদিও সময় নষ্ট না করে দ্রুত নতুন সরঞ্জামের ব্যবস্থা করেছে ফুটবল অ্যাসোসিয়েশন। তবুও এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে এই ঘটনা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে শিবিরে। ইংল্যান্ডের কোচ টমাস টুখেল এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন। তাঁর মতে, প্রস্তুতির সময়ে এই ধরনের সমস্যা দলকে মানসিকভাবে প্রভাবিত করতে পারে। এখন দেখার, এই প্রতিকূলতা কাটিয়ে মাঠে কতটা সফল হতে পারে ইংল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *