বাংলার টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় কুইজভিত্তিক রিয়েলিটি শো ‘দাদাগিরি’ আবারও ফিরছে নতুন রূপে। তবে এবারের মরশুমে সবচেয়ে বড় পরিবর্তন হলো সঞ্চালকের আসনে। দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান মানেই ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি, তার বুদ্ধিদীপ্ত কথাবার্তা এবং দর্শকদের সঙ্গে সহজাত যোগাযোগ। কিন্তু এবার সেই পরিচিত ছবিতে এসেছে বড়সড় বদল। কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছিল যে সৌরভ গঙ্গোপাধ্যায় আর ‘দাদাগিরি’র সঞ্চালনার দায়িত্বে থাকবেন না। পরে জানা যায়, তিনি নতুন রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’র সঙ্গে যুক্ত হচ্ছেন। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের একাংশের মনে প্রশ্ন জাগে, তাহলে কি ‘দাদাগিরি’ বন্ধ হয়ে যাচ্ছে? কারণ গত এক দশকেরও বেশি সময় ধরে অনুষ্ঠানটির সঙ্গে সৌরভের নাম এমনভাবে জড়িয়ে গিয়েছিল যে অনেকেই দুটিকে আলাদা করে ভাবতেই পারছিলেন না।
তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘দাদাগিরি’র নতুন প্রোমো। সেখানে দর্শকদের মনের নানা প্রশ্ন ও কৌতূহলকেই তুলে ধরা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, নতুন প্রজন্মের জন্য নতুন আঙ্গিকে ফিরছে অনুষ্ঠানটি। প্রোমোতে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে ‘নতুন বাংলায় আসছে নতুন দাদাগিরি’। একই দিনে ‘বিগ বস বাংলা’ এবং ‘দাদাগিরি’র প্রোমো প্রকাশ পাওয়ায় দুই জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে প্রতিযোগিতার আবহও তৈরি হয়েছে। ফলে টেলিভিশনপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।
যদিও এখনও অনুষ্ঠানের সম্প্রচারের নির্দিষ্ট তারিখ কিংবা সময় জানানো হয়নি, তবে অডিশনের সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১২ জুন থেকে শুরু হবে নতুন মরশুমের অডিশন প্রক্রিয়া। প্রথম পর্যায়ের অডিশন অনুষ্ঠিত হবে শিলিগুড়িতে।সবচেয়ে বড় চমক হিসেবে শোনা যাচ্ছে, এবারের ‘দাদাগিরি’র সঞ্চালক হতে চলেছেন জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দেব। ইতিমধ্যেই তিনি অনুষ্ঠানের প্রোমো শুটিং সম্পন্ন করেছেন বলে জানা গেছে। যদিও চ্যানেল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি, তবু সম্প্রতি প্রকাশিত একটি প্রোমো ভিডিওতে দেবের উপস্থিতির ইঙ্গিত স্পষ্টভাবে মিলেছে। এখন দর্শকদের কৌতূহল একটাই নতুন ভূমিকায় দেব কতটা সফলভাবে ‘দাদাগিরি’র মঞ্চ মাতাতে পারবেন? অতীতে একবার মিঠুন চক্রবর্তীও এই অনুষ্ঠানের সঞ্চালনা করেছিলেন, কিন্তু সেই সংস্করণ তেমন জনপ্রিয়তা পায়নি। তাই এবার দেবের হাত ধরে ‘দাদাগিরি’ কতটা নতুন উচ্চতায় পৌঁছায়, সেদিকেই নজর থাকবে সকলের।
