শ্রবণশক্তি হারিয়ে এবার হাঁটতেও সমস্যা! হুইলচেয়ারে অলকা ইয়াগনিক, কী বলছেন চিকিৎসক?

বিনোদন ভাইরাল সর্বশেষ খবর স্বাস্থ্য

সম্প্রতি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মভূষণ সম্মান গ্রহণ করতে গিয়ে হুইলচেয়ারে দেখা গেল বিশিষ্ট গায়িকা অলকা ইয়াগনিককে (Alka Yagnik)। মঞ্চে ওঠার সময়ও সহকারীর সাহায্য নিতে দেখা যায় তাঁকে। সেই দৃশ্য সামনে আসতেই অনুরাগীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, শ্রবণশক্তি হারালে কি হাঁটার ক্ষমতাও প্রভাবিত হতে পারে?

প্রসঙ্গত, দু’বছর আগেই অলকা ইয়াগনিক জানিয়েছিলেন যে তিনি একটি বিরল স্নায়বিক সমস্যার কারণে শ্রবণশক্তি হারিয়েছেন। বিমান থেকে নামার পর আচমকাই তিনি কানে শুনতে না পাওয়ার বিষয়টি টের পান। পরে চিকিৎসকেরা জানান, ভাইরাসজনিত সংক্রমণের জেরে তিনি Sensorineural Hearing Loss (SNHL)-এ আক্রান্ত হয়েছেন।

এই রোগে অন্তঃকর্ণের ককলিয়া, অডিটরি নার্ভ বা মস্তিষ্কের শ্রবণপথ ক্ষতিগ্রস্ত হয়। ফলে শব্দ কানে পৌঁছলেও তা স্বাভাবিকভাবে মস্তিষ্কে পৌঁছায় না এবং শ্রবণশক্তি কমে যায়।
তবে শুধু শ্রবণশক্তিই নয়, কেন হাঁটতেও অসুবিধা হচ্ছে? এই বিষয়ে কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসক ডাঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায় জানান, শরীরের ভারসাম্য বজায় রাখতে মূলত তিনটি অঙ্গ একসঙ্গে কাজ করে— কানের ভেস্টিবিউলার সিস্টেম, সেরিবেলাম এবং পায়ের স্পর্শ অনুভূতি। এর মধ্যে কানের ভেস্টিবিউল অংশ শরীরের ব্যালেন্স নিয়ন্ত্রণ করে।
সেখানে সংক্রমণ বা ক্ষতি হলে হাঁটার সময় ভারসাম্য নষ্ট হতে পারে, মাথা ঘোরা, টলমল ভাব কিংবা সোজা হয়ে হাঁটতে সমস্যা দেখা দিতে পারে।
চিকিৎসকদের মতে, অনেকেই কানকে শুধু শোনার অঙ্গ হিসেবে ভাবেন। কিন্তু অন্তঃকর্ণের ভেস্টিবুলার সিস্টেম শরীরের অবস্থান ও নড়াচড়ার তথ্য মস্তিষ্কে পৌঁছে দেয়। এই অংশ ক্ষতিগ্রস্ত হলে শরীরের ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে। ফলে অনেক ক্ষেত্রেই রোগীকে হুইলচেয়ার বা অন্যের সাহায্য নিতে হতে পারে।

বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, হঠাৎ শ্রবণশক্তি কমে যাওয়া, কানে শোঁ শোঁ শব্দ (টিনিটাস), মাথা ঘোরা, ভার্টিগো, হাঁটার সময় টলমল ভাব কিংবা অন্যের কথা অস্পষ্ট শোনা—এই লক্ষণগুলিকে কখনওই অবহেলা করা উচিত নয়। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিলে অনেক ক্ষেত্রেই সমস্যার অগ্রগতি নিয়ন্ত্রণ করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *