উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার, দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্য

ইতিহাস কলকাতা খেলা জেলা টেক ট্রাভেল দেশ পশ্চিমবঙ্গ বিদেশ বিনোদন ভাইরাল রাজনীতি রাজ্য রাশিফল লাইফস্টাইল সর্বশেষ খবর

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের বদলের ইঙ্গিত দিল হাওয়া অফিস। আজ বীরভূম (Birbhum Weather), মুর্শিদাবাদ (Murshidabad Weather), নদিয়া (Nadia Weather), পূর্ব বর্ধমান (Purba Bardhaman Weather), পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman Weather), পুরুলিয়া (Purulia Weather), হুগলি (Hooghly Weather), বাঁকুড়া (Bankura Weather) এবং উত্তর ২৪ পরগনা (North 24 Parganas Weather) জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই সব এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও থাকছে কয়েকটি জেলায়।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে এখনই স্বস্তি মিলবে না। কলকাতা (Kolkata Weather) সহ একাধিক জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকায় অনুভূত তাপমাত্রা আরও বেশি, যা অনেক ক্ষেত্রে ৫০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাচ্ছে।

মে মাসের শেষভাগে এসে আবহাওয়ার এই অস্বাভাবিক আচরণে নাজেহাল সাধারণ মানুষ। সকাল থেকেই চড়া রোদ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ দক্ষিণবঙ্গবাসী। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার কারণেই কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য ঝড়-বৃষ্টি হতে পারে। তবে তা সাময়িক স্বস্তি দিলেও সার্বিকভাবে গরম ও আর্দ্রতার পরিস্থিতি বজায় থাকবে পুরো সপ্তাহজুড়ে। এদিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে (Monsoon Update) নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে। যদিও বাংলায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কবে প্রবেশ করবে, তা এখনও নিশ্চিত নয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গে বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি এখনও তৈরি হয়নি।

উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতেও আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।