Lionel Messi : লেকটাউন থেকে সরল মেসির মূর্তি, ঠাঁই হল বাগুইআটির স্টক ইয়ার্ডে!

কলকাতা খেলা পশ্চিমবঙ্গ রাজ্য সর্বশেষ খবর

অবশেষে লেকটাউন মোড় থেকে সরিয়ে ফেলা হলো ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির সেই বিখ্যাত ৭০ ফুটের বিশাল মূর্তিটি। বিগত কয়েকদিন ধরেই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছিলেন যে, সামান্য হাওয়া দিলেই মূর্তিটি বিপজ্জনকভাবে দুলছিল। যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় সোমবার সকাল থেকেই তৎপরতা দেখায় পূর্ত দফতর (PWD)।

একটি দোতলা উঁচু প্ল্যাটফর্মের ওপর বসানো এই বিশাল মূর্তিটি নামাতে নামানো হয় হাইড্রোলিক ক্রেন। মূর্তির যাতে কোনো ক্ষতি না হয়, সেই কারণে ট্রেলারের ওপর মাটির বস্তা বিছিয়ে অত্যন্ত সতর্কতার সাথে সেটিকে অক্ষত অবস্থায় নামিয়ে আনা হয়। জানা গেছে, প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে তৈরি এই মূর্তিটিকে আপাতত পূর্ত দফতরের বাগুইআটি অফিসের স্টক ইয়ার্ডে সংরক্ষণ করে রাখা হয়েছে। প্রাথমিকভাবে এটি ইকো পার্কে স্থানান্তরের কথা থাকলেও, কিছু জটিলতার কারণে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া যায়নি। স্বয়ং এলএম টেন (LM10) এই মূর্তির উদ্বোধন করেছিলেন।

যুবভারতীর বিশৃঙ্খলা ও অরূপ বিশ্বাসের অস্বস্তি, মেসির মূর্তি অপসারণের সমসাময়িক সময়েই ফের চর্চায় উঠে এসেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া অতীতের সেই চরম বিশৃঙ্খলা। তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর পরিবারের সদস্যদের অতি-সক্রিয়তায় মেসির মাঠ ছাড়ার ঘটনা এবং দর্শকদের ভাঙচুরের জেরে সম্প্রতি বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর (FIR) দায়ের করেছেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। এই ঘটনায় বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেছেন অরূপ বিশ্বাস, যার শুনানি আগামী ২২শে জুলাই।

এই প্রসঙ্গে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল চাঁছাছোলা ভাষায় আক্রমণ করে বলেন, “মেসিকে হাইজ্যাক করে নেওয়া হয়েছিল, এটা বাংলার অপমান। দোষীদের শাস্তি হওয়া দরকার।”