Sushmita Dev : রাজ্যসভা ছাড়লেন সুস্মিতা, বিজেপিতে যোগ জল্পনা তুঙ্গে

রাজনীতি রাজ্য

তৃণমূল কংগ্রেসে বড়সড় ধাক্কা। সুখেন্দুশেখর রায়ের পর এ বার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব। শুধু সাংসদ পদই নয়, তৃণমূলের প্রাথমিক সদস্যপদ-সহ সমস্ত দায়িত্ব থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। ফলে রাজনৈতিক মহলে জল্পনা আরও জোরালো হয়েছে—তবে কি বিজেপির দিকেই পা বাড়াচ্ছেন সুস্মিতা? বুধবার দিল্লিতে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের হাতে নিজের ইস্তফাপত্র তুলে দেন সুস্মিতা। চিঠিতে দ্রুত ইস্তফা গ্রহণের আবেদনও জানান তিনি। এর পরেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে তাঁর বৈঠক রাজনৈতিক মহলে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

তবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখনও স্পষ্ট কোনও বার্তা দেননি সুস্মিতা। তাঁর দাবি, “আমি এখন স্বাধীন ও মুক্ত।” পাশাপাশি তিনি জানান, ব্যক্তিগত সম্পর্কের কারণেই হিমন্তের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। অসমের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা, আগে কংগ্রেসের হয়ে শিলচর থেকে সাংসদ ছিলেন। ২০২১ সালে তৃণমূলে যোগ দিয়ে উত্তর-পূর্ব ভারতে দলের সংগঠন শক্তিশালী করার দায়িত্ব পান। ২০২৪ সালে দ্বিতীয়বার রাজ্যসভায় গেলেও মেয়াদ শেষের চার বছর আগেই পদত্যাগ করলেন তিনি।

এই ইস্তফার ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়াল ১১-তে। আগামী দিনে সুস্মিতার রাজনৈতিক অবস্থান কোন দিকে যায়, সে দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *