ইউসিসি বিলে আপাতত ব্রেক! আজ বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি, কমিটি গড়ার পথে সরকার

রাজ্য সর্বশেষ খবর

আজ (৯ জুন বিধানসভায় পেশ হওয়ার কথা ছিল অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code-UCC) সংক্রান্ত বিল। তবে শেষ মুহূর্তে সূত্রের খবর, আপাতত সেই বিল পেশ করছে না পশ্চিমবঙ্গ সরকার। পরিবর্তে প্রথমে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে বিলের খসড়া ও বিভিন্ন দিক খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে খবর, খুব শীঘ্রই সরকারিভাবে কমিটি গঠনের ঘোষণা করা হতে পারে। এই কমিটির চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই-এর নাম বিবেচনায় রয়েছে। পাশাপাশি বিরোধী দলের প্রতিনিধিদেরও কমিটিতে রাখার ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
সরকারের মতে, বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং লিভ-ইন সম্পর্কের মতো বিষয়গুলিতে একক আইন প্রণয়নের আগে সব পক্ষের মতামত ও আইনি দিকগুলি বিস্তারিতভাবে পর্যালোচনা করা প্রয়োজন। তাই কোনও তাড়াহুড়ো না করে আলোচনার ভিত্তিতেই এগোতে চাইছে সরকার।

উল্লেখ্য, উত্তরাখণ্ড, অসম ও গুজরাতে ইতিমধ্যেই UCC কার্যকর বা আইন পাশের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গেও একই পথে এগোনোর প্রস্তুতি শুরু হলেও আপাতত বিল পেশের দিন পিছিয়ে গেল।
অসমে UCC কার্যকর করার সময় জনজাতি সম্প্রদায়ের জন্য বিশেষ ছাড় রাখা হয়েছিল।

পশ্চিমবঙ্গেও পাহাড় ও জঙ্গলমহলের কিছু বিশেষ সম্প্রদায়ের সাংবিধানিক সুরক্ষা ও প্রচলিত রীতিনীতির বিষয়টি বিবেচনায় রাখা হতে পারে বলে নবান্ন সূত্রে ইঙ্গিত মিলেছে।
রাজনৈতিক মহলের মতে, ভবিষ্যতে এই বিল বিধানসভায় এলে তা রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। তবে সরকার আপাতত সর্বসম্মত মত গড়ে তুলেই পরবর্তী পদক্ষেপ নিতে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *