Ayushman Bharat : হাতের মুঠোয় আয়ুষ্মান ভারত! উপভোক্তাদের ভোগান্তি কমাতে চালু হলো নতুন সরকারি অ্যাপ

কলকাতা রাজ্য

দীর্ঘ টানাপড়েনের অবসান ঘটিয়ে অবশেষে কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ (PM-JAY)-তে যুক্ত হতে চলেছে পশ্চিমবঙ্গ। আজ, সোমবার দিল্লিতে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল হেলথ অথরিটি (NHA)-র সঙ্গে এই বিষয়ে একটি সমঝোতা স্মারক বা ‘মৌ’ (MoU) স্বাক্ষর করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থাকতে আজ সকাল ১০টার বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হবে।

উল্লেখ্য, ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার এই স্বাস্থ্যবিমা প্রকল্প চালু করলেও তৎকালীন তৃণমূল সরকারের আমলে এই প্রকল্প পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেওয়া হয়নি। তার পরিবর্তে রাজ্যে চালু ছিল ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প। রাজ্যে ক্ষমতা বদলের পর নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্যের যে ৬ কোটি মানুষ আগে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতেন, তাঁদের এবার কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের আওতায় আনা হচ্ছে। এর ফলে প্রাথমিক হিসাব অনুযায়ী, রাজ্যের প্রায় ১ কোটি ৪৬ লক্ষ পরিবার সরাসরি এই কেন্দ্রীয় স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন।

রবিরার স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে এই পদক্ষেপকে দেশের জনস্বাস্থ্য সুরক্ষার পথে একটি গুরুত্বপূর্ণ ‘মাইলফলক’ হিসেবে বর্ণনা করা হয়েছে। কেন্দ্রের দাবি, এই প্রকল্প বাস্তবায়নের ফলে রাজ্যের লক্ষ লক্ষ যোগ্য উপভোক্তা চিকিৎসা ক্ষেত্রে বড়সড় আর্থিক সুরক্ষা পাবেন। চুক্তি স্বাক্ষরের পর কেন্দ্রীয় গাইডলাইন মেনে দ্রুত পরবর্তী প্রস্তুতি চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

কীভাবে মিলবে সুবিধা?

এই প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং এর ব্যবহার সহজ করতে একটি বিশেষ পোর্টাল ও প্রক্রিয়া চালু রাখা হয়েছে। নাগরিকরা যেভাবে এটি ব্যবহার করতে পারবেন:

উপভোক্তাদের প্রথমেই এই প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট

https://pmjay.gov.in-এ যেতে হবে।

ওয়েবসাইটটি খোলার পর স্ক্রিনের উপরের ডানদিকের কোণায় ‘আমি কি যোগ্য’ (Am I Eligible) নামক একটি বিকল্প বা অপশন দেখা যাবে, সেটিতে ক্লিক করতে হবে। এরপর নির্দিষ্ট স্থানে নিজের সচল মোবাইল নম্বরটি দিতে হবে। নম্বরটি দেওয়া মাত্রই ফোনে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি (OTP) আসবে। সেই ওটিপি-টি স্ক্রিনে বসিয়ে সিস্টেমে লগ-ইন করতে হবে।

লগ-ইন প্রক্রিয়া সফল হওয়ার পর স্ক্রিনে কয়েকটি নির্দিষ্ট ঘর আসবে। সেখানে ক্রমানুসারে মূল প্রকল্পের নাম, নিজের রাজ্যের নাম, উপ-প্রকল্পের নাম, জেলার নাম এবং আধার নম্বর অথবা পরিবারের কোনো সদস্যের নাম বা রেশন কার্ড নম্বরটি সঠিকভাবে লিখতে হবে। সমস্ত তথ্য দেওয়ার পর আধার কার্ডের মাধ্যমে সিস্টেমটিকে আরও একবার ভেরিফাই বা যাচাই করে নিতে হবে। এর পাশাপাশি স্ক্রিনে ভেসে ওঠা সুরক্ষা কোড বা ক্যাপচাটি (Captcha) দেখে দেখে পূরণ করতে হবে। এই সহজ প্রক্রিয়াটি সম্পন্ন করার পর সিস্টেমটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই স্ক্রিনে জানিয়ে দেবে যে সংশ্লিষ্ট আবেদনকারীর নাম এই স্কিমের তালিকায় নথিভুক্ত আছে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *