টলিপাড়ায় ফেডারেশন দ্বন্দ্বে ইটবৃষ্টি, চরম উত্তেজনা

সর্বশেষ খবর বিনোদন

টলিউডের অন্দরে ফেডারেশন নিয়ে দ্বন্দ্ব এবার রীতিমতো বিস্ফোরক রূপ নিল। টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে বৈঠক ঘিরে দুই পক্ষের মধ্যে চরম অশান্তির সৃষ্টি হয়। অভিযোগ, একে অপরকে লক্ষ্য করে মুহুর্মুহু ইঁট, পাটকেল, ঢিল এমনকি ডিম ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রিজেন্ট পার্ক থানার পুলিশ।

সূত্রের খবর, আগের দিনের বৈঠকে বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর নির্দেশে ফেডারেশন ভেঙে দেওয়া হয় এবং গিল্ডের দুই পদাধিকারী বাবাই ও মহম্মদ হাসানকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। এরই প্রেক্ষিতে নতুন বৈঠক ডাকা হলেও স্টুডিও প্রাঙ্গণে উত্তেজনা বাড়তে থাকায় সেটি স্থানান্তরিত হয় সংলগ্ন ভরাট মাঠে। সেখানেই সংঘর্ষ চরমে ওঠে।

এক পক্ষের অভিযোগ, বাবাই-হাসানের অনুগামীরা জোর করে অশান্তি ছড়াচ্ছে। পাল্টা অভিযোগ, বিক্ষোভকারীদের অনেকেই গিল্ডের সদস্যই নন। ‘বহিরাগত’ ইস্যু নিয়েও তীব্র বাকবিতণ্ডা হয়, যা দ্রুত হাতাহাতি ও ইটবৃষ্টিতে পরিণত হয়।

এই পরিস্থিতিতে একাংশের দাবি, বিষয়টি মেটাতে প্রশাসনের উচ্চস্তরের হস্তক্ষেপ জরুরি। পরিবর্তনের পর টলিউডে ফেডারেশন বাতিল করে নতুন কনফেডারেশন গঠনের ঘোষণায় ইতিমধ্যেই অস্থিরতা তৈরি হয়েছিল। এদিনের ঘটনা সেই দ্বন্দ্বকেই আরও প্রকট করে তুলল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *