বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচেই আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলেন লিয়োনেল মেসি। আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শেষে প্রতিপক্ষের এক তরুণ ফুটবলারের পরিচয় শুনে চমকে ওঠেন আর্জেন্টিনার অধিনায়ক।
ম্যাচ শেষে সৌজন্য বিনিময়ের সময় আইসল্যান্ডের ২০ বছরের স্ট্রাইকার ড্যানিয়েল গুরজনসেন এসে জানান, তিনি বার্সেলোনার প্রাক্তন ফুটবলার এইডুর গুরজনসেন-এর ছেলে। প্রাক্তন সতীর্থের নাম শুনেই মুহূর্তের জন্য অবাক হয়ে যান মেসি। পরে কিছুক্ষণ কথা বলেন ড্যানিয়েলের সঙ্গে, বাবার খোঁজ নেন এবং স্নেহভরে জড়িয়ে ধরেন তাঁকে।
উল্লেখ্য, ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত এফসি বার্সেলোনা-তে একসঙ্গে খেলেছেন মেসি ও এইডুর। ২০০৯ সালে পেপ গুয়ার্ডিওলা-র কোচিংয়ে ঐতিহাসিক ট্রেবল জেতে বার্সেলোনা, যার অংশ ছিলেন দু’জনেই।
ম্যাচ শেষে মেসি প্রতিপক্ষ দলগুলিকে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, আর্জেন্টিনাকে হারানো সহজ হবে না। তাঁর কথায়, “আমাদের দল অত্যন্ত শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং জয়ের জন্য ভীষণ ক্ষুধার্ত।”
হ্যামস্ট্রিং চোট কাটিয়ে মাঠে ফিরতে পেরে খুশি মেসি জানান, বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত মনে হচ্ছে। ব্যক্তিগত রেকর্ড নয়, দলগত সাফল্যই তাঁর মূল লক্ষ্য—এ কথাও স্পষ্ট করে দেন বিশ্বজয়ী অধিনায়ক।
