টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এবার সরাসরি সক্রিয় হল প্রধানমন্ত্রীর দফতর (PMO)। সর্বভারতীয় চলচ্চিত্র কর্মী সংগঠনের অভিযোগের ভিত্তিতে ওড়িশা সরকারের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ পাঠানো হয়েছে। পাশাপাশি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের দাবিও গুরুত্ব সহকারে বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তর পাঠানো অভিযোগপত্রে দাবি করা হয়েছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন গুরুতর নিরাপত্তা ত্রুটি (Safety Lapse) এবং একাধিক নিয়ম ভঙ্গের কারণেই প্রাণ হারাতে হয়েছে অভিনেতাকে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি সরকারি অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে ওড়িশার মুখ্যমন্ত্রীর দফতর ও মুখ্যসচিবের কাছে পাঠানো হয়।
এরপর বিষয়টি বালেশ্বর জেলার পুলিশ সুপারের কাছে পাঠিয়ে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশেষ তদন্তকারী দল (SIT Investigation) গঠনের দাবিও সামনে এসেছে। অভিযোগপত্রে প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়, প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স (Magic Moments Motion Pictures), সংস্থার সঙ্গে যুক্ত শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং শুটিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। সংগঠনের বক্তব্য, শুটিং সেটে নিরাপত্তা বিধি (Shooting Safety) যথাযথভাবে মানা হয়নি বলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
শুধু তদন্ত নয়, দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা (Legal Action) গ্রহণেরও দাবি জানিয়েছে সংগঠন। প্রয়োজনে খুন-সহ প্রযোজ্য সমস্ত ফৌজদারি ধারায় মামলা দায়েরের আবেদনও করা হয়েছে। পাশাপাশি ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সকে ব্ল্যাকলিস্ট (Blacklist) করার আবেদনও জানানো হয়েছে। সর্বভারতীয় চলচ্চিত্র কর্মী সংগঠনের মতে, শিল্পী, কলাকুশলী, প্রযুক্তিকর্মী কিংবা জুনিয়র শিল্পীদের জীবন কোনওভাবেই অবহেলার শিকার হতে পারে না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য দোষীদের জবাবদিহির আওতায় আনা জরুরি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। আর সেই আবহেই প্রধানমন্ত্রীর দফতরের এই পদক্ষেপ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে গোটা ঘটনাকে।
