বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা তিনটি ম্যাচ জিতে নকআউটে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। জর্ডনকে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করার পর দলের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন অধিনায়ক লিয়োনেল মেসি। তাঁর বক্তব্যে স্পষ্ট, ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলগত পারফরম্যান্সকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
জর্ডনের বিরুদ্ধে ম্যাচের পর ইনস্টাগ্রামে কয়েকটি উদযাপনের ছবি পোস্ট করেন মেসি। ক্যাপশনে লেখেন, “আরও একটা ম্যাচ জিতে গ্রুপ পর্ব শেষ করলাম। আমরা এখনও একটা দল হিসাবেই খেলছি।” এই সংক্ষিপ্ত বার্তাতেই ফুটে উঠেছে আর্জেন্টিনার বর্তমান মানসিকতা। নকআউটে কাবো ভার্দের বিরুদ্ধে ম্যাচের আগে সতীর্থদেরও একই বার্তা দিলেন তিনি— সাফল্যের চাবিকাঠি একতাবদ্ধ দলগত ফুটবল।
জর্ডনের বিরুদ্ধে শুরুতে প্রথম একাদশের নয়জন ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন কোচ লিয়োনেল স্কালোনি। মেসিও ছিলেন বেঞ্চে। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে মাঠে নেমে দুর্দান্ত একটি ফ্রি-কিক থেকে গোল করেন তিনি। চলতি বিশ্বকাপের তিনটি ম্যাচেই গোল করেছেন মেসি। ইতিমধ্যেই তাঁর গোলসংখ্যা ছুঁয়েছে ছয়ে। সোনার বুটের দৌড়েও সবার ওপরে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
এটি মেসির ষষ্ঠ বিশ্বকাপ। ২০২২ সালের সাফল্যের পুনরাবৃত্তি ঘটিয়ে টানা দ্বিতীয় বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। সেই লক্ষ্যে ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি দলগত ঐক্যই সবচেয়ে বড় শক্তি বলে মনে করছেন মেসি। এবার নকআউট পর্বে সেই বার্তাই বাস্তবে প্রমাণ করতে চাইবে আলবিসেলেস্তেরা
