ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে। সোমবার থেকে নয়াদিল্লিতে শুরু হচ্ছে চার দিনের গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির বাকি এক শতাংশ কাজ চূড়ান্ত করার লক্ষ্য রাখা হয়েছে। ইতিমধ্যেই এই চুক্তির প্রায় ৯৯ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর।
এই উচ্চপর্যায়ের বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন সে দেশের প্রধান বাণিজ্য আলোচক ব্রেন্ডন লিঞ্চ। অন্যদিকে, ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব দর্পণ জৈন। দুই দেশের প্রতিনিধিদল অন্তর্বর্তী চুক্তির খুঁটিনাটি বিষয় চূড়ান্ত করার পাশাপাশি শুল্ক হ্রাস, বাণিজ্য প্রক্রিয়ার সরলীকরণ এবং বিনিয়োগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করবে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ভারত ও আমেরিকার মধ্যে এই অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির রূপরেখা নির্ধারিত হয়। সেই অনুযায়ী, আমেরিকা ভারতীয় পণ্যে শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামাতে সম্মত হয়। যদিও পরবর্তীতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের শুল্কনীতিকে বেআইনি ঘোষণা করায় পরিস্থিতি কিছুটা জটিল হয়ে ওঠে।
এই প্রেক্ষাপটে দিল্লির বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে গত এপ্রিলে ওয়াশিংটনে দু’দেশের মধ্যে একই বিষয়ে বৈঠক হয়েছিল। এবার সেই আলোচনারই পরবর্তী ধাপ হিসেবে দিল্লির বৈঠককে দেখা হচ্ছে।
