বিশ্বকাপের মঞ্চে টাইব্রেকারে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে জার্মানি। প্যারাগুয়ের বিপক্ষে এই হার শুধু ফলাফলের জন্য নয়, ম্যাচ-পরবর্তী এক বিস্ফোরক তথ্যের কারণেও আলোচনায় উঠে এসেছে। জার্মান সংবাদমাধ্যম বিল্ড-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, টাইব্রেকার ষষ্ঠ শটে গড়ানোর পর দলের চার ফুটবলার পেনাল্টি নিতে অনীহা প্রকাশ করেন।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম পাঁচজন পেনাল্টি শুটারের তালিকা আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু ষষ্ঠ শটের প্রয়োজন হলে লিয়ন গোরেৎজকা, ওয়ালদেমার আন্তন, নাথানিয়েল ব্রাউন এবং মালিক চাওকে দায়িত্ব নেওয়ার অনুরোধ করা হয়। অভিযোগ, তাঁদের কেউই শট নিতে রাজি হননি। বিশেষ করে অভিজ্ঞ মিডফিল্ডার গোরেৎজকাকে অধিনায়ক যোশুয়া কিমিখ দু’বার অনুরোধ করলেও তিনি সম্মতি দেননি।
শেষ পর্যন্ত দায়িত্ব নিতে বাধ্য হন ডিফেন্ডার জোনাথন তাহ। তবে পেশাদার ক্যারিয়ারে কখনও প্রতিযোগিতামূলক ম্যাচ বা টাইব্রেকারে পেনাল্টি না নেওয়ায় তাঁর আত্মবিশ্বাসের ঘাটতি স্পষ্ট ছিল। তাহের শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে সুযোগ কাজে লাগান প্যারাগুয়ের হোসে কানালে। তাঁর সফল শটেই নিশ্চিত হয় প্যারাগুয়ের জয় এবং জার্মানির বিদায়।
ঘটনার পর জার্মান ফুটবল মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেক বিশ্লেষকের মতে, চাপের মুহূর্তে দায়িত্ব নেওয়ার মানসিকতার অভাবই জার্মানির পরাজয়ের অন্যতম কারণ। যদিও জার্মান ফুটবল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট খেলোয়াড়দের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
