বর্তমানের ব্যস্ত জীবনযাত্রায় অনেকেই সময় বাঁচাতে একসঙ্গে বেশি পরিমাণে রান্না করে ফ্রিজে সংরক্ষণ করে রাখেন। তবে দীর্ঘ সময় খাবার ফ্রিজে রাখলে অনেক ক্ষেত্রেই একটি অস্বস্তিকর গন্ধ তৈরি হয়, যা ধীরে ধীরে পুরো ফ্রিজে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, সেই গন্ধ অন্যান্য খাবারের স্বাদ ও গুণমানের উপরও প্রভাব ফেলতে পারে।
বিশেষ করে কাঁচা মাছ, মাংস, সামুদ্রিক খাবার কিংবা দীর্ঘদিন ধরে রাখা রান্না করা খাবার থেকে এমন দুর্গন্ধের সৃষ্টি হয়। অনেক সময় ফ্রিজারের জমে থাকা বরফ, আর্দ্রতা বা অপরিষ্কার তাক থেকেও এই সমস্যা দেখা দিতে পারে। তবে কিছু সহজ ঘরোয়া উপায় অবলম্বন করলে খুব সহজেই এই বিরক্তিকর গন্ধ দূর করা সম্ভব।
১) একটি ছোট পাত্রে সমপরিমাণ নুন ও কফি গুঁড়ো মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি একটি ফয়েলের মধ্যে মুড়ে তার গায়ে কয়েকটি ছোট ছিদ্র করে দিন। এই প্যাকেটটি ফ্রিজের ভেতরে রেখে দিলে তা ধীরে ধীরে দুর্গন্ধ শোষণ করে নেবে এবং ফ্রিজের পরিবেশকে সতেজ রাখতে সাহায্য করবে।
২) লেবুর খোসা প্রাকৃতিকভাবে গন্ধ দূর করতে কার্যকর। একটি কাচের বাটিতে কিছু গ্রেট করা লেবুর খোসা রেখে ফ্রিজের ভিতরে রাখুন। এতে দুর্গন্ধ অনেকটাই কমে যাবে। তবে দুই থেকে তিন দিন পর পুরনো খোসা ফেলে নতুন খোসা ব্যবহার করা উচিত।
৩) এক টুকরো তুলোয় কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স লাগিয়ে ফ্রিজের এক কোণে রেখে দিন। এটি শুধু দুর্গন্ধ দূর করতেই সাহায্য করবে না, বরং ফ্রিজের ভিতরে একটি মনোরম সুগন্ধও বজায় রাখবে।
ফ্রিজের ভিতর নিয়মিত পরিষ্কার রাখা, খাবার ঢেকে সংরক্ষণ করা এবং মেয়াদোত্তীর্ণ খাবার দ্রুত সরিয়ে ফেললে দুর্গন্ধের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। তাই ছোট ছোট এই অভ্যাসগুলো গড়ে তুললে ফ্রিজ থাকবে পরিষ্কার, আর খাবারও থাকবে দীর্ঘ সময় সতেজ।
