ক্ষমতায় আসার পর এটাই বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget 2026)। সোমবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। আর সেই বাজেটকে ঘিরেই বাড়ছে জল্পনা। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশের মতে, শুধুমাত্র আয়-ব্যয়ের হিসেব নয়, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং পরিকাঠামো উন্নয়নের এক বড় মাস্টারপ্ল্যান (Mega Blueprint)-এর ইঙ্গিত মিলতে পারে এই বাজেটে।
সবচেয়ে বেশি গুরুত্ব পেতে চলেছে কর্মসংস্থান (Employment Generation) খাত।
সূত্রের খবর, রাজ্যে প্রায় ৫০ হাজার সরকারি স্থায়ী পদে নতুন নিয়োগ (Recruitment)-এর ঘোষণা হতে পারে। শিক্ষা ক্ষেত্রেও বড় বার্তা আসার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের দাবি মেনে এবার থেকে প্রতি বছর নিয়ম মেনে টেট পরীক্ষা (TET Exam)-সহ অন্যান্য শিক্ষক নিয়োগের প্রবেশিকা পরীক্ষার রূপরেখা ঘোষণা করা হতে পারে।
শুধু তাই নয়, রাজ্যের আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করতে পুলিশ বাহিনীতেও বড়সড় নিয়োগের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বেকার যুবকদের স্বনির্ভর করে তুলতে নতুন স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প (Skill Development Scheme)-এর ঘোষণা করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রের খবর।
কেন্দ্রীয় প্রকল্পগুলিকে নতুন আঙ্গিকে ফিরিয়ে আনার পরিকল্পনাও রয়েছে সরকারের। জি রাম জি প্রকল্প (G Ram G Scheme)-এর জন্য ৭ থেকে ৮ হাজার কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দ হতে পারে। একই সঙ্গে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat)-এর জন্য বড় অঙ্কের বরাদ্দ এবং সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নের ওপরও জোর দেওয়া হতে পারে।
পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও বড় ঘোষণা আসতে পারে। জেলা ও গ্রামীণ রাস্তার উন্নয়নের জন্য পৃথক তহবিল, শিল্পায়ন ও পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে গ্লোবাল ডেস্টিনেশন (Global Destination)-এর মতো দীর্ঘমেয়াদি পরিকল্পনার ইঙ্গিতও মিলতে পারে।
এছাড়া মহিলাদের জন্য চালু হওয়া অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)-র জন্য সবচেয়ে বেশি আর্থিক বরাদ্দ রাখার সম্ভাবনা রয়েছে। প্রতি মাসে বিপুল সংখ্যক উপভোক্তাকে ৩ হাজার টাকা করে দেওয়ার লক্ষ্যে এই প্রকল্পের জন্য বড় অঙ্কের তহবিল ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী।
সোমবারের বাজেট তাই শুধুমাত্র আর্থিক দলিল নয়, বরং আগামী দিনের বাংলা গড়ার রূপরেখা হয়ে উঠতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
