পুরনিয়োগ দুর্নীতির টান এবার মদন মিত্রের দোরগোড়ায়! সাতসকালে একাধিক ঠিকানায় ইডির হানা

কলকাতা জেলা সর্বশেষ খবর

পুরনিয়োগ দুর্নীতির তদন্তে এবার মদন মিত্রের একাধিক ঠিকানায় ইডির তল্লাশি, জিজ্ঞাসাবাদ চলছে ভবানীপুরের বাড়িতে।

পুরনিয়োগ দুর্নীতির (Municipal Recruitment Scam) তদন্তে এবার নজরে কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। শুক্রবার সকাল থেকেই তাঁর একাধিক ঠিকানায় অভিযান চালাচ্ছে ইডি (ED Raid)। তদন্তকারীরা একইসঙ্গে কামারহাটি, ভবানীপুর, জোকা, সন্তোষপুর, বেলেঘাটা এবং দক্ষিণেশ্বর-সহ একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছেন।

তদন্তকারী সংস্থার সন্দেহ, পুরনিয়োগ মামলায় অভিযুক্ত অয়ন শীলের সংস্থার মাধ্যমে বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতি (Financial Irregularities) হয়েছে। সেই মামলার সূত্র ধরেই মদন মিত্রের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

ইডি সূত্রে দাবি, কলকাতা পুরসভায় প্রায় ১২৫টি নিয়োগে অনিয়মের অভিযোগ সামনে এসেছে। তদন্তকারীদের অনুমান, এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে মদন মিত্রের সরাসরি যোগ থাকতে পারে। অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নামে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং সোনা ঘুষ হিসেবে নেওয়া হয়েছিল।

শুক্রবার সকাল থেকে ভবানীপুরের বাড়িতে উপস্থিত রয়েছেন মদন মিত্র। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকরা। বিধায়ক হিসেবে তাঁর ভূমিকা কী ছিল, কোনও প্রভাব খাটানো হয়েছিল কি না এবং নিয়োগ প্রক্রিয়ায় আর কারা জড়িত থাকতে পারেন, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

সকাল গড়ালেও অভিযান অব্যাহত রয়েছে। তদন্তকারীরা একাধিক নথি এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছেন বলেও সূত্রের খবর।
রাজ্যের রাজনৈতিক মহলেও এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর চর্চা। কারণ, নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় এর আগেও একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম সামনে এসেছে। এবার মদন মিত্রের বাড়িতে ইডির অভিযান নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিল।

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মদন মিত্র বা তৃণমূল কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তের অগ্রগতির উপরেই এখন নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *