টলিউড সুপারস্টার Dev আবারও চমকে দিলেন ভক্তদের। রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একেবারে রাজকীয় লুকে হাজির হয়ে চমক দিল দেব। তার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, রাজকীয় সাজে সজ্জিত দেব—মাথায় পাগড়ি, কাজ করা তসর পাঞ্জাবি, কুঁচি দেওয়া ধুতি, পায়ে নাগরা এবং নাকের নীচে পরিপাটি গোঁফ। সম্পূর্ণ এই লুকে তাঁকে যেন একেবারে ‘রাজা’ বলেই মনে হচ্ছে।
ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনেই রহস্য আরও ঘনীভূত করেছেন অভিনেতা। তিনি লিখেছেন, “একদম নতুন অবতারে দেখা হবে।” শুধু তাই নয়, আগামী ২৫ মে আবার দেখা হওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—ঠিক কী চমক নিয়ে আসছেন দেব?
জানা গিয়েছে, অগাস্ট মাসে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর নতুন ছবি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’। পাশাপাশি ‘দেশু ৭’-এর প্রস্তুতিও জোরকদমে চলছে। তবে এই রাজকীয় লুক সেই কোনও ছবির সঙ্গে যুক্ত নয় বলেই মনে করা হচ্ছে। ফলে নতুন কোনও প্রজেক্ট ঘোষণার সম্ভাবনাই জোরদার হচ্ছে।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা জল্পনা। কেউ মনে করছেন, এটি নতুন ছবির ফার্স্ট লুক, আবার কেউ বলছেন, বিশেষ কোনও ঘোষণার আগে দর্শকদের কৌতূহল বাড়াতেই এই কৌশল। তবে আসল রহস্য ফাঁস হবে ২৫ মে—সেই অপেক্ষাতেই এখন দর্শক ও অনুরাগীরা।
