অভিষেককে খুঁজে না পেয়ে সমন সাঁটানোর হুঁশিয়ারি! কালীঘাটে শেষমেশ কী ঘটল?

রাজনীতি সর্বশেষ খবর

ত্রিপুরার খোয়াই থানার একটি পুরনো মামলার রেশ এবার এসে পৌঁছাল কলকাতার কালীঘাটে। বুধবার খোয়াই আদালতের নির্দেশে (Court Summon) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সমন পৌঁছে দিতে আসেন আদালতের নিযুক্ত বেলিফ (Bailiff) ও পুলিশের একটি দল। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয় ব্যাপক উত্তেজনা।

জানা গিয়েছে, ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে খোয়াই এলাকায় একটি ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সেই মামলার সূত্রেই এদিন কলকাতার আলিপুর আদালতের মাধ্যমে সমন জারি করা হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী বেলিফ কালীঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে পৌঁছে যান ৩০/বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। কিন্তু সেখানে গিয়ে জানা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই। তখন উপস্থিত নিরাপত্তারক্ষী ও কর্মীরা প্রশ্ন তোলেন, সংশ্লিষ্ট ব্যক্তি উপস্থিত না থাকলে সমন কাকে দেওয়া হবে?

এই পরিস্থিতিতে আদালতের কর্মী স্পষ্ট জানিয়ে দেন, নিয়ম অনুযায়ী (Legal Notice) সংশ্লিষ্ট ব্যক্তি উপস্থিত না থাকলে বাড়ির দরজায় বা দেওয়ালে নোটিস সাঁটিয়ে দিয়েই দায়িত্ব পালন করা হবে। আর এই ঘোষণার পরই শুরু হয় তুমুল তর্কাতর্কি। কারণ, রাজ্যের শাসক দলের সেকেন্ড-ইন-কমান্ডের বাড়ির দেওয়ালে আদালতের সমন সাঁটানোর ঘটনা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারত।

ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে খবর দেওয়া হয় তৃণমূল নেতৃত্বকে। এরপর ঘটনাস্থলে পৌঁছন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি পুলিশ ও আদালতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেন। দীর্ঘ কথাবার্তার পর অবশেষে একটি সমঝোতার রাস্তা বের হয়।
শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকলেও তাঁর হয়ে দলের এক কর্মী সমন গ্রহণ করেন এবং তাতেই দায়িত্ব সম্পন্ন করে ফিরে যান বেলিফ। ফলে দেওয়ালে সমন সাঁটানোর মতো অস্বস্তিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়।
তবে ত্রিপুরার পুরনো মামলাকে ঘিরে কালীঘাটের এই নতুন পর্ব যে আগামী দিনে রাজনৈতিক তরজা আরও বাড়াবে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *