কর্মরত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকদের জন্য টেট (Teacher Eligibility Test) পাশের সময়সীমা আরও এক বছর বাড়ানোর নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্ট জানায়, পূর্বের নির্দেশ বহাল থাকলেও নির্ধারিত সময়সীমা ২০২৭ সালের ৩১ অগস্ট থেকে বাড়িয়ে ২০২৮ সালের ৩১ অগস্ট করা হয়েছে। ফলে শিক্ষকদের জন্য সাময়িক স্বস্তি এলেও টেট বাধ্যতামূলকই রয়ে গেল।
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, কর্মরত সকল শিক্ষককে নির্দিষ্ট সময়ের মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে, নচেৎ তাঁদের স্বেচ্ছাবসর নিতে হবে। সেই নির্দেশের পুনর্বিবেচনার আবেদন করা হলেও আদালত মূল সিদ্ধান্তে পরিবর্তন আনেনি, শুধুমাত্র সময়সীমা বাড়িয়েছে। আইনজীবী ফিরদৌস শামিম জানান, নতুন নির্দেশ অনুযায়ী শিক্ষকদের আর এক বছর অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। তবে ২০৩০ সালের মধ্যে যাঁদের চাকরির মেয়াদ শেষ হবে, তাঁরা এই বাধ্যবাধকতার বাইরে থাকবেন।
এদিকে বিভিন্ন শিক্ষক সংগঠনের দাবি, ২০১১ সালের আগে নিযুক্ত শিক্ষকদের এই নিয়মের আওতার বাইরে রাখা উচিত। তাঁদের বক্তব্য, সেই সময় টেট বাধ্যতামূলক ছিল না। অন্যদিকে সংগঠনগুলির অভিযোগ, কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি।শিক্ষামহলে আশঙ্কা, এই সিদ্ধান্তে বহু শিক্ষক অনিশ্চয়তার মধ্যে পড়বেন এবং সরকারি শিক্ষা ব্যবস্থার উপর চাপ আরও বাড়বে। যদিও কিছু মহলের আশা, কেন্দ্রীয় সরকার ভবিষ্যতে নীতিগত পরিবর্তনের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে।
