‘সোনা পাপ্পু’ মামলার তদন্তে শুক্রবার সকাল থেকেই তৎপর হয়ে ওঠে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate-ED)। কলকাতা ও জেলার একাধিক জায়গায় একযোগে শুরু হয় ইডি রেইড (ED Raid)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Central Agency) এই অভিযানে শহরের প্রভাবশালী ব্যবসায়ী থেকে শুরু করে পুলিশ আধিকারিকদের নাম জড়িয়ে পড়ায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে।
সূত্রের খবর, আর্থিক তছরুপ (Money Laundering) এবং সন্দেহজনক লেনদেনের সূত্র ধরেই শুক্রবার সকাল ছ’টা থেকে অভিযান শুরু করে ইডি। দক্ষিণ কলকাতার চক্রবেড়িয়া (Chakraberia), কসবা (Kasba), রয়ড স্ট্রিট (Royd Street)-সহ মোট ৯টি জায়গায় চলে তল্লাশি। তদন্তকারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, আর্থিক লেনদেনের তথ্য এবং ডিজিটাল ডেটা খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে।
সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে কসবার ঘটনা। সেখানে কলকাতা পুলিশের (Kolkata Police) এক সাব-ইন্সপেক্টরের বাড়িতে পৌঁছে যায় ইডির একটি দল। এই মামলার সঙ্গে কোনও প্রভাবশালী যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েই এখন জোর তদন্ত চলছে। অন্যদিকে রয়ড স্ট্রিটের একটি হোটেলের নির্দিষ্ট কিছু বুকিং এবং আর্থিক তথ্যও স্ক্যানারের নিচে রেখেছেন তদন্তকারীরা।
একইসঙ্গে মুর্শিদাবাদের (Murshidabad) কান্দিতে ধৃত শান্তনু সিনহা বিশ্বাসের (Shantanu Sinha Biswas) বাড়িতেও অভিযান চালানো হয়। প্রথমে বাড়ির দরজা বন্ধ থাকায় কিছুটা সমস্যায় পড়তে হলেও পরে আইনি প্রক্রিয়া মেনে ভিতরে প্রবেশ করেন আধিকারিকরা। বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা।
তদন্ত যত এগোচ্ছে, ততই এই মামলার গভীরতা এবং নতুন নতুন যোগসূত্র সামনে আসছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
