বিশ্ব পরিবেশ দিবসে কড়া বার্তা! রাস্তা নোংরা করলে জরিমানা, পরিচ্ছন্ন ও সবুজ শহর গড়ার ডাক মন্ত্রীর

পশ্চিমবঙ্গ রাজ্য

বিশ্ব পরিবেশ দিবসের আবহে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত শহর গড়ার লক্ষ্যে কড়া বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাস্তায় চিপসের প্যাকেট, ডাবের খোলা, পানের পিক বা থুতু ফেলার মতো অভ্যাস বন্ধ করতে হবে। জনসচেতনতার জন্য তিন মাস সময় দেওয়া হলেও এরপর আইন অনুযায়ী জরিমানা করা হবে। পরিচ্ছন্নতা বজায় রাখতে পৌর এলাকায় প্রতি ১০০ মিটার অন্তর ডাস্টবিন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, কোথাও আবর্জনা জমে থাকলে সাধারণ মানুষ জিও-ট্যাগ করা ছবি তুলে সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর দ্রুত পরিষ্কারের ব্যবস্থা করবে পৌরসভা বা কর্পোরেশন।

এছাড়াও, নো-পার্কিং জোনে বেআইনি পার্কিং রুখতে ৫০০ টাকা জরিমানার কথা জানানো হয়েছে। শহরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষার পাশাপাশি শিল্পাঞ্চলের বায়ু ও জলদূষণ নিয়ন্ত্রণেও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। বিশ্ব পরিবেশ দিবসের মূল বার্তার সঙ্গে সঙ্গতি রেখে তিনি সকলের উদ্দেশে আহ্বান জানিয়েছেন— পরিচ্ছন্ন রাস্তা, দূষণমুক্ত পরিবেশ এবং সচেতন নাগরিকত্বই হতে পারে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ার চাবিকাঠি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *