উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। নিউ জলপাইগুড়ি (এনজেপি) থেকে সরাসরি দিল্লি পর্যন্ত বুলেট ট্রেন চালুর পরিকল্পনার কথা জানিয়ে বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার রাজ্য সফরে এসে তিনি জানান, প্রস্তাবিত এই হাই-স্পিড রেল করিডর চালু হলে মাত্র ৬ ঘণ্টার মধ্যেই রাজধানী দিল্লি পৌঁছানো সম্ভব হবে। এই ঘোষণার পর থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন মহলে উৎসাহের সঞ্চার হয়েছে।
এর আগে এনজেপি থেকে বারাণসী পর্যন্ত বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা শোনা গেলেও এবার সেই প্রকল্পের পরিধি আরও বাড়ানো হয়েছে। রেলমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ট্রেনটি পাটনা, বারাণসী এবং লখনউ হয়ে সরাসরি দিল্লি পর্যন্ত চলবে। ফলে উত্তরবঙ্গের বাসিন্দাদের দীর্ঘ রেলযাত্রার ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে দিল্লিগামী ট্রেনে টিকিটের সংকট এবং দীর্ঘ সফরের সমস্যার সমাধান হতে পারে এই প্রকল্পের মাধ্যমে।
রেল সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্প বাস্তবায়নের জন্য উত্তরবঙ্গে একাধিক পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। এনজেপি এলাকায় প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেলপথ বা টানেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নিউ জলপাইগুড়ি থেকে আলুয়াবাড়ি পর্যন্ত রেলপথ আধুনিকীকরণ এবং এনজেপি-বাগডোগরা রুটে দ্বিমুখী লাইন তৈরির কথাও ভাবা হচ্ছে। এসব কাজ সম্পন্ন হলে শুধু বুলেট ট্রেন নয়, গোটা অঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থারই উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে মনে করা হচ্ছে।
যদিও প্রকল্প ঘোষণায় খুশির হাওয়া উত্তরবঙ্গ জুড়ে, তবু অনেকের মনেই প্রশ্ন রয়েছে—কবে থেকে বাস্তবে এই পরিষেবা চালু হবে এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে ভাড়া রাখা হবে কি না। তবে সব প্রশ্নের ঊর্ধ্বে গিয়ে এই ঘোষণা যে উত্তরবঙ্গের রেল যোগাযোগের ক্ষেত্রে এক বড় সম্ভাবনার দরজা খুলে দিয়েছে, সে বিষয়ে একমত অধিকাংশ মানুষ।
