কলকাতার রাস্তায় ছুটতে পারে অত্যাধুনিক দ্রুতগামী ট্রাম?, বড় ইঙ্গিত পরিবহণমন্ত্রীর

সর্বশেষ খবর কলকাতা ট্রাভেল

এবার আধুনিক প্রযুক্তিতে দ্রুতগামী ট্রাম চালানোর ভাবনা; সঙ্গে বাড়ছে সরকারি বাস পরিষেবাও।

কলকাতার ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ট্রাম। একসময় শহরের প্রধান গণপরিবহণ ব্যবস্থার অন্যতম স্তম্ভ হলেও, সময়ের সঙ্গে সঙ্গে ট্রামের অস্তিত্ব অনেকটাই সীমিত হয়ে গিয়েছে। তবে এবার সেই ঐতিহ্যকে নতুন রূপে ফিরিয়ে আনার পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার (Government of West Bengal)। আধুনিক প্রযুক্তির সাহায্যে শহরের রাস্তায় অত্যাধুনিক ট্রাম (Modern Tram) চালুর সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)।
সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরিবহণমন্ত্রী বলেন, কলকাতার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখাই সরকারের লক্ষ্য। তাঁর কথায়, “শহর কলকাতার ঐতিহ্য ট্রাম। আমরা চাই ট্রাম চলুক। সেই কারণে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে দ্রুতগামী ট্রাম চালানোর বিষয়ে চিন্তাভাবনা চলছে। এই ব্যবস্থা চালু হলে শহরের যানজটও অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।”
শুধু ট্রাম নয়, সরকারি বাস পরিষেবা (Government Bus Service) সম্প্রসারণের দিকেও জোর দিচ্ছে পরিবহণ দফতর। মন্ত্রী জানান, ঘোষপাড়া রোডের পাশাপাশি কল্যাণী এক্সপ্রেসওয়ের সোদপুর মুড়াগাছা থেকে কল্যাণী এইমস পর্যন্ত নতুন বাস পরিষেবা চালু হবে। পাশাপাশি কাঁচরাপাড়া-ব্যারাকপুর কোর্ট এবং ব্যারাকপুর কোর্ট-এসপ্ল্যানেড রুটেও সরকারি বাস চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা ৮৫ নম্বর বাস রুটও ফের চালু করার ঘোষণা করা হয়েছে।

এদিন ব্যারাকপুরের নোনা চন্দনপুকুর এলাকায় পরিবহণ ও শ্রমমন্ত্রীর নতুন কার্যালয়ের উদ্বোধনও করা হয়। সাধারণ মানুষের সুবিধার্থেই এই উদ্যোগ বলে জানিয়েছেন অর্জুন সিং। তাঁর বক্তব্য, শহরতলি থেকে কলকাতায় যাতায়াত করতে গিয়ে বহু মানুষকে অতিরিক্ত খরচ বহন করতে হয়। সেই সমস্যার সমাধান এবং স্থানীয় স্তরে দ্রুত পরিষেবা পৌঁছে দিতেই এই কার্যালয় চালু করা হয়েছে।

প্রশাসনিক মহলের মতে, (কলকাতা ট্রাম) (Kolkata Tram)-কে আধুনিক রূপ দিয়ে ফের জনপ্রিয় করে তোলার পরিকল্পনা সফল হলে তা শুধু ঐতিহ্য সংরক্ষণই নয়, পরিবেশবান্ধব গণপরিবহণ ব্যবস্থার ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *