Narendra Modi : ”বিদেশের ভরসা নয়, ভারতই আমার শক্তি!’ ?গার্ডেনরিচে যুদ্ধজাহাজ উদ্বোধন করে বড় বার্তা মোদীর

দেশ

আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিনেই কলকাতা সফরে একদিকে যেমন রেড রোডে হাজার হাজার মানুষের সঙ্গে যোগাভ্যাসে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), তেমনই গার্ডেনরিচে (Garden Reach) দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ (Indigenous Warships)-এর উদ্বোধন করে আত্মনির্ভর ভারতের বার্তাও তুলে ধরলেন তিনি। প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি বাজারের উপর নির্ভরতা কমিয়ে ভারতকে একটি শক্তিশালী প্রতিরক্ষা নির্মাতা (Defence Manufacturing Hub) হিসেবে গড়ে তোলার উপর জোর দেন প্রধানমন্ত্রী।

গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE)-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আজ গোটা বিশ্ব আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) পালন করছে। এই শুভ দিনে পশ্চিমবঙ্গে আসতে পেরে আমি গর্বিত। বাংলার মাটি দেশের পুনর্জাগরণকে নতুন গতি দিয়েছে।”

তিনি বলেন, “সমুদ্রপথে শক্তিশালী হতে গেলে জলপথে আত্মনির্ভর ক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। আমার শক্তি বিশ্বের খোলা বাজার নয়, ভারতের নিজস্ব সক্ষমতা।”এই প্রসঙ্গে তিনি আইএনএস দুনাগিরি-সহ দেশীয় প্রযুক্তিতে নির্মিত যুদ্ধজাহাজগুলির প্রশংসা করেন।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, পশ্চিমবঙ্গ ব্লু ইকোনমি (Blue Economy)-র ক্ষেত্রে আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সমুদ্রভিত্তিক অর্থনীতি এবং জাহাজ নির্মাণ শিল্প দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে শনিবার ভোরে কলকাতার রেড রোডে প্রায় ৩৫ হাজার মানুষের সঙ্গে যোগাসনে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে সমাজমাধ্যমে কলকাতার মানুষের আতিথেয়তা এবং নাগরিক চেতনা (Civic Sense)-এর প্রশংসা করেন তিনি। শহরজুড়ে যোগ দিবসের আগে যে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছিল, তারও ভূয়সী প্রশংসা শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে।

ভাষণে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এবং ঋষি অরবিন্দের মতো মনীষীদের স্মরণ করে যোগ দর্শনের প্রসারেও বাংলার অবদানের কথা তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, স্বামী বিবেকানন্দ এই বাংলার মাটি থেকেই বিশ্বের দরবারে ভারতের আধ্যাত্মিক শক্তির পরিচয় পৌঁছে দিয়েছিলেন।

রাজনৈতিক ও কূটনৈতিক মহলের মতে, যোগ দিবসের মঞ্চ থেকে শুরু করে গার্ডেনরিচের যুদ্ধজাহাজ উদ্বোধন— দুই ক্ষেত্রেই প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত, সামুদ্রিক নিরাপত্তা এবং মেক ইন ইন্ডিয়া (Make In India)-র বার্তাকে আরও জোরালোভাবে তুলে ধরলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *