শিল্প ফেরাতে বড় বাজি! সিঙ্গল উইন্ডো থেকে ২৪×৭ ব্যবসা, বিনিয়োগ টানতে শুভেন্দু-স্বপনের একগুচ্ছ মাস্টারস্ট্রোক

পশ্চিমবঙ্গ রাজ্য সর্বশেষ খবর

বাংলায় শিল্প ও বিনিয়োগের নতুন যুগের সূচনা করতে একাধিক সাহসী সংস্কারের পথে হাঁটল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সরকার। সোমবার বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) পেশ করা পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬-২৭ (West Bengal Budget 2026-27)-এ শিল্পবান্ধব একাধিক যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা করা হয়েছে। প্রশাসনিক মহলের মতে, বহু বছর পর বাংলায় শিল্প ও ব্যবসার ক্ষেত্রে এত বড় সংস্কারের রূপরেখা দেখা গেল।
সবচেয়ে বড় ঘোষণা হল এক-জানালা ব্যবস্থা (Single Window System)। ১০০ কোটি টাকা বা তার বেশি বিনিয়োগের ক্ষেত্রে আর বিভিন্ন দপ্তরের অনুমতির জন্য আলাদা করে ঘুরতে হবে না। নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাজ্য স্তরের ব্যবস্থার মাধ্যমেই সমস্ত ছাড়পত্র মিলবে। এতে ইজ অফ ডুয়িং বিজনেস (Ease of Doing Business)-এর পরিবেশ আরও উন্নত হবে বলে মনে করছে শিল্পমহল।

একইসঙ্গে দীর্ঘদিন ধরে বড় বিনিয়োগের পথে বাধা হয়ে থাকা আর্বান ল্যান্ড সিলিং আইন (Urban Land Ceiling Act)-এর পুনর্বিবেচনার ঘোষণা করেছে সরকার। পাশাপাশি সরকারি সংস্থার অব্যবহৃত জমি চিহ্নিত করে নতুন (ল্যান্ড ব্যাঙ্ক) (Land Bank) তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়া শিল্প জমিও পুনরুদ্ধার করে নতুন বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বাণিজ্যিক কর্মকাণ্ডে গতি আনতে (West Bengal Shops and Establishment Act)-এ সংশোধন করে কলকাতা ও অন্যান্য বড় শহরে পরীক্ষামূলকভাবে ২৪×৭ ব্যবসা ব্যবস্থা (24×7 Business Model) চালুর ঘোষণা করা হয়েছে। ফলে দোকান, রেস্তোরাঁ, অফিস, লজিস্টিক ও হসপিটালিটি সেক্টরে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সিন্ডিকেট রাজ (Syndicate Raj) ও বেআইনি তোলাবাজি বন্ধে নতুন কড়া আইন আনার কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। প্রশাসনের মতে, এতে ব্যবসার খরচ (Cost of Doing Business) কমবে এবং শিল্পপতিদের মধ্যে ইতিবাচক বার্তা যাবে।

প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রেও একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে নতুন স্টার্ট-আপ পলিসি (Startup Policy) চালু করা হবে। এর আওতায় ৪০ কোটি টাকার ইনকিউবেশন ফান্ড এবং ৬০ কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠন করা হবে। পাশাপাশি ৫০ কোটি টাকার (Chief Minister’s Science and Technology Talent Attraction Fund)-এর মাধ্যমে বিশ্বমানের প্রযুক্তিবিদদের বাংলায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়াও গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (Global Capability Centre Policy), কলকাতা স্টক এক্সচেঞ্জের পুনরুজ্জীবন, সম্ভাবনাময় সরকারি সংস্থাগুলির শেয়ারবাজারে তালিকাভুক্তি এবং মহিলাদের স্বনির্ভর করতে নতুন ক্লাউড-কিচেন পলিসি (Cloud Kitchen Policy)-র মতো একাধিক পদক্ষেপের ঘোষণা করা হয়েছে।

অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, নিয়মতান্ত্রিক জটিলতা কমিয়ে বাংলাকে একটি সম্পূর্ণ বিনিয়োগ-বান্ধব রাজ্য (Investment Friendly State)-এ পরিণত করাই সরকারের লক্ষ্য। রাজনৈতিক ও শিল্প মহলের মতে, এই বাজেট বাংলার শিল্পায়নের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *