CAA : ‘যারা আগুন লাগিয়েছিল, তারাই দেবে টাকা!’ CAA হিংসার পুরনো মামলা খুলে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গ রাজনীতি রাজ্য

২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইন (Citizenship Amendment Act – CAA) বিরোধী আন্দোলনের সময় রাজ্যজুড়ে যে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ উঠেছিল, সেই সমস্ত ঘটনার তদন্তে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রায় সাত বছর পর ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সেই বিতর্কিত অধ্যায়। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari) রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল (Director General of Police – DG) সিদ্ধনাথ গুপ্ত (Siddhanath Gupta)-কে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর।

জানা গিয়েছে, ওই সময় দায়ের হওয়া সমস্ত মামলা ও অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য পুলিশের অধীনে একটি বিশেষ স্পেশাল সেল (Special Cell) গঠন করা হবে। এই সেলের প্রধান কার্যালয় স্থাপন করা হবে ভবানীপুর (Bhabanipur)-এ। তদন্তকারীরা পুরনো মামলার নথি, অভিযোগপত্র এবং ক্ষয়ক্ষতির হিসাব নতুন করে পর্যালোচনা করবেন। প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে নতুন আইনি নথিও তৈরি করা হবে। শুধু তদন্ত নয়, এবার আর্থিক দায়বদ্ধতার বিষয়েও কড়া অবস্থান নিয়েছে সরকার। প্রশাসনিক সূত্রের দাবি, তদন্তে সরকারি সম্পত্তি ধ্বংস, অগ্নিসংযোগ বা লুটপাটের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকেই ক্ষয়ক্ষতির সম্পূর্ণ অর্থ আদায় করা হবে। তদন্তে জিআরপি (Government Railway Police – GRP)-র সহযোগিতাও নেওয়া হবে। কারণ, আন্দোলনের সময় একাধিক রেল স্টেশন (Railway Station), ট্রেন এবং রেল সম্পত্তিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছিল।

বিশেষ করে ,মুর্শিদাবাদ (Murshidabad) জেলার বেলডাঙা (Beldanga) এবং হাওড়া (Howrah) জেলার উলুবেড়িয়া (Uluberia)-য় সবচেয়ে বেশি অশান্তির ঘটনা ঘটেছিল বলে প্রশাসনের দাবি। কোথাও থানায় আগুন, কোথাও ট্রেনে হামলা, আবার কোথাও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ সামনে এসেছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেই পুরনো ফাইলগুলি ফের খুলে দেখার সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সরকারের স্পষ্ট বার্তা-সরকারি সম্পত্তি নষ্টের ঘটনা আর অতীতের পাতায় চাপা থাকবে না দায়ীদের আইনের মুখোমুখি হতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *