বাংলায় শিল্পায়ন ও পরিকাঠামো উন্নয়নের গতি আরও বাড়াতে এবার সরাসরি এগিয়ে এল এশীয় উন্নয়ন ব্যাঙ্ক (Asian Development Bank – ADB)। রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬-২৭) (West Bengal Budget 2026-27) পেশের ২৪ ঘণ্টার মধ্যেই নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।
মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল এবং মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠকে বসেন (ADB)-র শীর্ষ আধিকারিকরা। সূত্রের খবর, বাংলার শিল্প, নগর উন্নয়ন ও পরিকাঠামো ক্ষেত্রে দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং আর্থিক সহযোগিতার একটি বিস্তৃত প্রস্তাব তুলে ধরা হয়েছে বৈঠকে।
আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সিটি ইকোনমিক রিজিওন (City Economic Region – CER) গঠনের পরিকল্পনা। নীতি আয়োগের মডেল অনুসরণ করে বাংলায় অন্তত দুটি বৃহৎ অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রস্তাব দিয়েছে ADB। এই প্রকল্পের লক্ষ্য হবে শহর, শিল্পাঞ্চল, শ্রমবাজার এবং পরিবহণ ব্যবস্থাকে একত্রিত করে বৃহত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্র তৈরি করা।
প্রস্তাবিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে কলকাতা মেট্রোপলিটন CER (Kolkata Metropolitan CER), শিলিগুড়ি CER (Siliguri CER), হলদিয়া-দিঘা CER (Haldia-Digha CER) এবং দুর্গাপুর-আসানসোল CER (Durgapur-Asansol CER)। শিল্প, বন্দর, তথ্যপ্রযুক্তি, পর্যটন এবং কৃষিভিত্তিক শিল্পকে কেন্দ্র করে এই অঞ্চলগুলির উন্নয়নের রূপরেখা তৈরি হয়েছে।
শুধু অর্থনৈতিক অঞ্চল নয়, বাংলায় একাধিক (ইন্ডাস্ট্রিয়াল করিডোর) (Industrial Corridor) তৈরির প্রস্তাবও দিয়েছে ADB। কলকাতা-ডানকুনি-দুর্গাপুর-আসানসোল শিল্প করিডোর, হলদিয়া-খড়গপুর শিল্প করিডোর এবং শিলিগুড়ি-জলপাইগুড়ি এগ্রো-প্রসেসিং করিডোর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
একইসঙ্গে (লজিস্টিকস হাব) (Logistics Hub) গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
ডানকুনিকে পূর্ব ভারতের বৃহত্তম মাল্টিমোডাল লজিস্টিকস কেন্দ্র, শিলিগুড়িকে উত্তর-পূর্ব ভারতের গেটওয়ে এবং হলদিয়াকে সামুদ্রিক বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে।
নগর পরিবহণে স্মার্ট মোবিলিটি (Smart Mobility), (ইলেকট্রিক বাস) (Electric Buses), দূষণমুক্ত গণপরিবহণ এবং তথ্যনির্ভর পরিবহণ ব্যবস্থার ওপরও জোর দিয়েছে ADB। পাশাপাশি শ্রমিকদের জন্য অ্যাফোর্ডেবল হাউজিং (Affordable Housing), পর্যটনের জন্য ট্যুরিজম ক্লাস্টার (Tourism Cluster) এবং উত্তরবঙ্গের জন্য আধুনিক জল সরবরাহ প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে।
প্রশাসনিক মহলের মতে, সোমবারের বাজেটে শিল্পবান্ধব সংস্কারের যে বার্তা দেওয়া হয়েছিল, নবান্নে ADB-র এই বৈঠক তার বাস্তবায়নের দিকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফলে আগামী দিনে বাংলার শিল্প, পরিকাঠামো এবং বিনিয়োগের মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখছেন বিশেষজ্ঞরা
