ভুয়ো উপভোক্তা ছাঁটাইয়ে ৫ দিনের কড়া ডেডলাইন

রাজ্য সর্বশেষ খবর

রাজ্যের ‘বাংলার বাড়ি (গ্রামীণ) আবাসন প্রকল্প’ নিয়ে দীর্ঘদিনের দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এবার কঠোর পদক্ষেপ নিল নবান্ন। প্রথম ও দ্বিতীয়— দুই দফাতেই বহু অযোগ্য ব্যক্তি সরকারি সুবিধা পেয়েছেন বলে অভিযোগ জমা পড়ছিল বিভিন্ন মহল থেকে। সেই প্রেক্ষিতেই রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর সমস্ত জেলার জেলাশাসকদের জরুরি নির্দেশ পাঠিয়ে উপভোক্তাদের পূর্ণ পুনর্যাচাই বা ‘ফুল রি-ভেরিফিকেশন’-এর নির্দেশ দিয়েছে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, যাঁরা ইতিমধ্যেই অন্তত একটি কিস্তির টাকা পেয়েছেন, তাঁদের প্রত্যেকের যোগ্যতা নতুন করে খতিয়ে দেখা হবে। লক্ষ্য একটাই— তালিকায় একজনও অযোগ্য বা ভুয়ো উপভোক্তার নাম যেন না থাকে। এই বিশাল কর্মযজ্ঞ দ্রুত সম্পন্ন করতে বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে এবং প্রশাসনিক স্তরে কড়া নজরদারির ব্যবস্থাও নেওয়া হয়েছে।

মহকুমা ও ব্লক স্তরে উচ্চপদস্থ আধিকারিকদের মোতায়েন করা হচ্ছে যাতে কাজের গতি বাড়ে এবং স্বচ্ছতা বজায় থাকে। ইতিমধ্যেই এই প্রক্রিয়া নিয়ে ভার্চুয়াল বৈঠক করে জেলা প্রশাসনগুলিকে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এই পুনর্যাচাইয়ের জন্য মাত্র ৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার। আগামী ৩০ মে বিকেল ৬টার মধ্যে প্রতিটি জেলার জেলাশাসককে স্বাক্ষরিত রিপোর্ট, কাজ সমাপ্তির শংসাপত্র এবং অযোগ্যদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের বিস্তারিত জমা দিতে হবে।

আসন্ন স্থানীয় নির্বাচনের আগে প্রকল্পে স্বচ্ছতা ফিরিয়ে এনে জনঅসন্তোষ কমানোই নবান্নের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। ফলে প্রশাসন এখন যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ সম্পন্ন করতে নামছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *