Abhishek Banerjee : দিল্লি থেকে ফিরেই সোজা ভবানী ভবন! হাইকোর্টের ডেডলাইনের চাপে আর সময় নষ্ট করলেন না অভিষেক?

পশ্চিমবঙ্গ রাজনীতি রাজ্য

রাজনৈতিক উত্তেজনার আবহে বৃহস্পতিবার বিকেলে দিল্লি থেকে কলকাতায় ফিরলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বেঁধে দেওয়া সময়সীমা মেনে সন্ধ্যা ৬টার মধ্যে সিআইডি সদর দফতর ভবানী ভবনে (CID Bhabani Bhawan) হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। আর সেই নির্ধারিত সময়ের মাত্র ১ ঘণ্টা ৪০ মিনিট আগে শহরে পৌঁছন তিনি।

বিকেল প্রায় ৪টে ২০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে বেরিয়ে আসতে দেখা যায় অভিষেককে। তবে সেখানে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিরা সই-জাল কাণ্ড এবং সিআইডি জিজ্ঞাসাবাদ (CID Interrogation) নিয়ে একাধিক প্রশ্ন করলেও কোনও মন্তব্য করেননি তিনি। গম্ভীর মুখে সরাসরি নিজের গাড়িতে উঠে প্রথমে বাড়ির উদ্দেশে রওনা দেন।

এরপর বাড়িতে কিছুক্ষণ কাটিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই তিনি পৌঁছে যান ভবানী ভবনে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একই সঙ্গে আদালত স্পষ্ট জানিয়েছে, তাদের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ (Legal Action) করা যাবে না। তবে তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথি বাজেয়াপ্ত করা এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে কোনও বাধা নেই।

মামলার শুনানিতে সিআইডি দাবি করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই তিনটি নোটিস পাঠানো হয়েছে এবং সেই নোটিসগুলির মেয়াদও শেষ হয়ে গিয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, সংশ্লিষ্ট রেজোলিউশন নথিতে থাকা স্বাক্ষর নিয়ে একাধিক বিধায়ক অভিযোগ জানিয়েছেন। অনেকেই দাবি করেছেন, যেদিনের তারিখ উল্লেখ রয়েছে, সেদিন তাঁরা উপস্থিতই ছিলেন না।

সেই প্রেক্ষিতেই তদন্তকারীদের সন্দেহ, নথিতে জাল স্বাক্ষর (Signature Forgery) সংক্রান্ত বিষয় সামনে এসেছে। যদিও এই মামলায় দু’সপ্তাহ পরে তদন্তের অগ্রগতি রিপোর্ট আদালতে জমা দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।ফলে দিল্লি থেকে কলকাতায় ফিরে সরাসরি ভবানী ভবনে অভিষেকের হাজিরা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *