মেসিকে (Lionel Messi) ঘিরে বিতর্কের আগুন যেন কিছুতেই নিভছে না। বরং সময়ের সঙ্গে সঙ্গে সেই আঁচ এসে পৌঁছেছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী (Former Sports Minister) অরূপ বিশ্বাসের (Arup Biswas) দরজায়। অসুস্থতার কারণ দেখিয়ে আগের তলব এড়িয়েছিলেন তিনি। কিন্তু সেই দাবির পক্ষে কোনও মেডিক্যাল সার্টিফিকেট (Medical Certificate) না মেলায় এবার আরও কড়া পদক্ষেপ পুলিশের।
রবিবার সকালে নিউ আলিপুরে (New Alipore) অরূপ বিশ্বাসের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় শেষ পর্যন্ত বাড়ির দরজাতেই নোটিস টাঙিয়ে দেওয়া হয়। সেই নোটিসে স্পষ্ট নির্দেশ, সোমবার সকাল ১১টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police Station) হাজিরা দিতেই হবে।
ঘটনার সূত্র গত বছরের ১৩ ডিসেম্বর। যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuva Bharati Krirangan) বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছিল চরম বিশৃঙ্খলা। অভিযোগ, ভিআইপি (VIP) এবং রাজনৈতিক প্রভাবশালীদের ভিড়ে অনুষ্ঠান কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মেসির সঙ্গে ছবি তোলা ও ঘনিষ্ঠ হওয়ার হুড়োহুড়িতে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে নির্ধারিত সময়ের অনেক আগেই অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান আর্জেন্টাইন তারকা।
এরপরই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। মাঠে বিক্ষোভ, গ্যালারি থেকে বোতল ছোড়া, ভাঙচুর—একের পর এক ঘটনার সাক্ষী থাকে যুবভারতী। এই ঘটনাকে কেন্দ্র করে দায়ের হয় এফআইআর (FIR)। মামলায় নাম জড়ায় অরূপ বিশ্বাসেরও। জানা গিয়েছে, মামলায় একাধিক গুরুতর ও জামিনঅযোগ্য ধারা (Non-Bailable Sections) যুক্ত করা হয়েছে।
এদিকে শুধু আইনি চাপই নয়, রাজনৈতিক চাপও বাড়ছে প্রাক্তন মন্ত্রীর ওপর। তৃণমূলের (TMC) একাংশ নেতাও প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। ভাই স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) গ্রেফতারির পর পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে উঠেছে।
এখন নজর সোমবারের দিকে। অরূপ বিশ্বাস থানায় হাজিরা দেন, নাকি নতুন করে তৈরি হয় আরেক অধ্যায়—সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
