মাতৃবিয়োগে শোকস্তব্ধ অজিত কুমার, পাশে দাঁড়াতে একসঙ্গে হাজির বিজয়-তৃষা

বিনোদন সর্বশেষ খবর

দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় তারকা অজিত কুমারের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ৩০ মে সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতার মা মোহিনী মণি (৮৯)। দীর্ঘদিন ধরে তিনি বয়সজনিত নানা সমস্যায় ভুগছিলেন। মায়ের প্রয়াণে ভেঙে পড়েছেন অভিনেতা। এই কঠিন সময়ে বন্ধু তথা সহ-অভিনেতার পাশে দাঁড়াতে তাঁর চেন্নাইয়ের বাসভবনে ছুটে যান তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী তথা অভিনেতা ‘তলপতি’ বিজয়। সঙ্গে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, কড়া নিরাপত্তার মধ্যে অজিত কুমারের বাড়িতে প্রবেশ করেন বিজয়। গাড়ি থেকে নেমেই পরম মমতায় বন্ধু অজিতকে জড়িয়ে ধরে সমবেদনা জানান তিনি। অন্যদিকে, কালো পোশাকে শোকাতুর তৃষাকেও অজিতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে দেখা যায়। সম্প্রতি বিজয় ও তৃষার ব্যক্তিগত সম্পর্ক এবং বিজয়ের দাম্পত্য কলহ নিয়ে গুঞ্জন যখন তুঙ্গে, তখন এই দুই তারকার একসঙ্গে শোকপ্রকাশ করতে আসা নতুন করে চর্চার জন্ম দিয়েছে। যদিও অনুরাগীদের দাবি, দুজনে আলাদা গাড়িতে ভিন্ন সময়ে পৌঁছালেও ভিতরে একসঙ্গে ক্যামেরাবন্দি হন।

অজিতের মাতৃবিয়োগের খবর সামনে আসতেই শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন, বর্ষীয়ান অভিনেতা কমল হাসানসহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। এক্স (টুইটার) হ্যান্ডেলে স্ট্যালিন লিখেছেন, “প্রিয় ভাই অজিত কুমারের মা শ্রীমতি মোহিনী মণির মৃত্যুসংবাদে আমি গভীর মর্মাহত। মায়ের সঙ্গে কাটানো সুন্দর স্মৃতিগুলোই এই কঠিন সময়ে তাঁকে শক্তি জোগাক।”

ব্যক্তিগত জীবনকে সবসময় ক্যামেরার আড়ালে রাখতেই ভালোবাসেন অজিত কুমার। মায়ের মৃত্যুর পরেও অনুরাগীদের কাছে পরিবারের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।