পশ্চিমবঙ্গে শিল্প ফেরানোর লক্ষ্যে সিঙ্গুরে আবারও টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার ইচ্ছা প্রকাশ করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যে। এক সাক্ষাৎকারে তিনি জানান, টাটা গোষ্ঠীর প্রত্যাবর্তন রাজ্যের বিনিয়োগ পরিবেশ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা বদলাতে সাহায্য করবে।
২০০৮ সালে সিঙ্গুর থেকে টাটা ন্যানো প্রকল্পের সরে যাওয়া শিল্পক্ষেত্রে বড় ধাক্কা হিসেবে দেখা হয়েছিল। সেই ঘটনাকে ঘিরে রাজ্যে শিল্পবিরোধী ভাবমূর্তির সৃষ্টি হয় বলে মত বিজেপি নেতৃত্বের। শমীক ভট্টাচার্যের মতে, সেই ‘ভুল বার্তা’ সংশোধন করতেই টাটাদের ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, পশ্চিমবঙ্গকে আবার বিনিয়োগবান্ধব রাজ্য হিসেবে গড়ে তুলতে হলে বড় শিল্পগোষ্ঠীর আস্থা ফেরানো জরুরি। টাটা গোষ্ঠী দেশের অন্যতম প্রাচীন ও বিশ্বস্ত সংস্থা, তাই তাদের প্রত্যাবর্তন একটি প্রতীকী ও বাস্তব পরিবর্তনের সূচনা করতে পারে।
এছাড়াও জমি অধিগ্রহণ নীতি নিয়ে বর্তমান ব্যবস্থার সমালোচনা করেন তিনি। তাঁর দাবি, সুসংহত জমি নীতি ছাড়া শিল্পায়ন সম্ভব নয়। শিল্পপতিদের পক্ষে বাড়ি বাড়ি ঘুরে জমি সংগ্রহ করা বাস্তবসম্মত নয় বলেও উল্লেখ করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিঙ্গুরকে আবার শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তোলার এই বার্তা শুধু অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। যে সিঙ্গুর এক সময় শিল্প বনাম জমি আন্দোলনের প্রতীক ছিল, তাকেই শিল্প প্রত্যাবর্তনের প্রতীক করতে চাইছে বিজেপি।
