HPV Vaccine : ৩০ মে থেকে বাংলায় বিনামূল্যে HPV টিকাকরণ! সার্ভাইক্যাল ক্যানসারের বিরুদ্ধে বড় লড়াইয়ে নামছে রাজ্য

কলকাতা পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য

চোখের সামনে নয়, নিঃশব্দে শরীরের ভিতরে বাসা বাঁধে রোগটা। আর ধরা পড়তে পড়তেই অনেক সময় অনেক দেরি হয়ে যায়। প্রতি বছর হাজার হাজার মহিলার প্রাণ কেড়ে নেওয়া সেই সার্ভাইক্যাল ক্যানসারের (Cervical Cancer) বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে বাংলা। আগামী ৩০ মে থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বিনামূল্যে HPV টিকাকরণ কর্মসূচি (HPV Vaccination Programme)। স্বাস্থ্য দফতরের এই উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। জানা গিয়েছে, বিধাননগর সাব-ডিভিশন হাসপাতাল থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। কেন্দ্র সরকারের সহযোগিতায় চলবে এই বিশেষ টিকাকরণ অভিযান। পশ্চিমবঙ্গের জন্য ৭ লক্ষেরও বেশি HPV ভ্যাকসিন ডোজ (HPV Vaccine Dose) বরাদ্দের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও সূত্রের খবর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization – WHO)-র তথ্য অনুযায়ী, মহিলাদের মধ্যে বিশ্বের চতুর্থ সর্বাধিক সাধারণ ক্যানসার হল সার্ভাইক্যাল ক্যানসার। ভারতে প্রতি বছর প্রায় ১.২ লক্ষ মহিলা এই রোগে আক্রান্ত হন এবং মৃত্যু হয় প্রায় ৮০ হাজারের। চিকিৎসকদের মতে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (Human Papillomavirus – HPV), বিশেষ করে HPV টাইপ ১৬ ও ১৮, এই রোগের সবচেয়ে বড় কারণ। এই কর্মসূচিতে ব্যবহার করা হবে গার্ডাসিল-৪ (Gardasil-4) নামের কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন (Quadrivalent Vaccine)। বিশেষজ্ঞদের দাবি, এই টিকা ভবিষ্যতে সার্ভাইক্যাল ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে পারে। মূলত ১৪ বছর বয়সি কিশোরীদের এই টিকা দেওয়া হবে। জুন মাসে চলবে স্কুলভিত্তিক সমীক্ষা ও তালিকা তৈরির কাজ। জুলাই থেকে শুরু হবে মূল টিকাকরণ এবং আগস্টে হবে মপ-আপ ক্যাম্পেইন (Mop-up Campaign)। সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকেই মিলবে এই পরিষেবা। পাশাপাশি ইউ-উইন পোর্টাল (U-WIN Portal)-এর মাধ্যমে করা যাবে রেজিস্ট্রেশনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *