অভিনয় থেকে পরিচালনায় নতুন ইনিংস শুরু করেছেন চৈতি ঘোষাল। তাঁর পরিচালিত প্রথম ছবি ‘নেভারমাইন্ড’ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও চৈতির পুত্র অমর্ত্য রায়। একান্ত সাক্ষাৎকারে তিনি জানালেন, পরিচালনায় আসার সিদ্ধান্ত কোনও পরিকল্পনার ফল নয়; বরং একটি আবেগঘন গল্প দর্শকের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছাই তাঁকে ক্যামেরার পিছনে দাঁড় করিয়েছে।
চৈতির কথায়, চলচ্চিত্রে তাঁর প্রাপ্য চরিত্র তিনি সবসময় পাননি। তবু কখনও কাজের জন্য পরিচালকদের কাছে নিজে যাননি। সম্মান বজায় রেখেই নিজের অভিনয়জীবন কাটিয়েছেন। নতুন পরিচালক হিসেবে পারিশ্রমিকও নেননি; কারণ তাঁর মতে, প্রথম সুযোগটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
রাজনীতি প্রসঙ্গেও স্পষ্ট অবস্থান নিয়েছেন তিনি। চৈতির বিশ্বাস, অভিনয় ও সক্রিয় রাজনীতি একসঙ্গে করা সম্ভব নয়। শিল্পীদের শিল্পচর্চা এবং রাজনীতিকদের রাজনীতি করা উচিত বলেই মনে করেন তিনি। নতুন সরকারের কাছে তাঁর একমাত্র প্রত্যাশা— পশ্চিমবঙ্গে অর্থনীতি, শিক্ষা, কর্মসংস্থান ও সংস্কৃতির উন্নয়ন হোক এবং প্রতিটি ক্ষেত্রে শুধুমাত্র যোগ্য মানুষেরাই সুযোগ পান।
ছেলে অমর্ত্য রায়ের প্রসঙ্গেও আবেগপ্রবণ চৈতি। তাঁর কথায়, সেটে অমর্ত্য একজন সম্পূর্ণ পেশাদার শিল্পী হলেও বাড়িতে সে শুধুই তাঁর ছেলে। ভবিষ্যতে পরিচালনায় আরও নিয়মিত হওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। খুব শিগগিরই নতুন ছবির ঘোষণা করবেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী-পরিচালক।
