হোয়াটসঅ্যাপে বহুদিন ধরেই ‘ইউজারনেম’ ফিচার চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এই ফিচার চালু হলে মোবাইল নম্বর গোপন রেখেও নির্দিষ্ট ইউজারনেমের মাধ্যমে যোগাযোগ করা যাবে বলে ধারণা করা হচ্ছিল।
এই বিষয়টি সামনে আসার পর কেন্দ্রীয় সরকার মেটার কাছে ব্যাখ্যা চায়। বৃহস্পতিবার মেটা সরকারের কাছে জানায়, বর্তমানে হোয়াটসঅ্যাপে ইউজারনেম ফিচার চালু হয়নি। সংস্থার দাবি, ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তৈরি করা হচ্ছে এবং সেই কাজ এখনও চলমান।
মেটার বক্তব্য অনুযায়ী, ভবিষ্যতে এই সুবিধা চালু হলেও ব্যবহারকারীদের ফোন নম্বর সম্পূর্ণ অদৃশ্য হবে না। ইউজারনেমের মাধ্যমে নতুনভাবে চ্যাট শুরু করা সম্ভব হলেও, বিশেষ কিছু ক্ষেত্রে নম্বর দেখা যেতে পারে।
সংস্থাটি আরও জানিয়েছে, হোয়াটসঅ্যাপে নতুন কারও সঙ্গে যোগাযোগ শুরু করতে এখনও মোবাইল নম্বরের প্রয়োজন হয়। তবে ইউজারনেম চালু হলে নম্বরের বদলে একটি নির্দিষ্ট নাম ব্যবহার করে চ্যাট শুরু করার সুযোগ মিলতে পারে।
তবে এ বিষয়ে কিছু উদ্বেগও রয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকলে ইউজারনেমের অপব্যবহার বা ভুয়ো পরিচয়ে প্রতারণার ঝুঁকি বাড়তে পারে। সেই কারণেই কেন্দ্র সরকার বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছিল।
উল্লেখ্য, মেটা জানিয়েছে ইউজারনেম ফিচার এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কবে এটি সবার জন্য চালু হবে, সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট সময় জানানো হয়নি।
