টলিউডের অন্যতম ফিট এবং শৃঙ্খলাপরায়ণ অভিনেতা টোটা রায়চৌধুরী। পর্দার ‘ফেলুদা’ হোক বা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র চ্যাটার্জি মশাই—সব চরিত্রেই তিনি সাবলীল। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন এবং পরিবারের প্রতি তাঁর গভীর টানের এক অজানাকথা ভাগ করে নিলেন অভিনেতা।
টোটা জানান, পরিবারের প্রতি তাঁর এই দায়বদ্ধতা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এক সচেতন সিদ্ধান্ত। তিনি মার্কিন কেয়ারগিভার ব্রনি ওয়্যারের বিখ্যাত ব্লগ ‘দ্য টপ রিগ্রেটস অফ দ্য ডাইং’ থেকে অনুপ্রাণিত হয়েছেন। মৃত্যুশয্যায় মানুষের প্রধান তিনটি আক্ষেপ হলো—পরিবারকে যথেষ্ট সময় না দেওয়া, নিজের স্বাস্থ্যের যত্ন না নেওয়া এবং মনের কথা না শোনা। তোতা বলেন, “মৃত্যুর সময় কেউ আফসোস করে না যে কেন অফিসে বেশি সময় কাটাইনি বা কেন আরও টাকা রোজগার করিনি।”
এই উপলব্ধি থেকেই নিজের জীবনসঙ্গিনীকে জীবনের শ্রেষ্ঠ বন্ধু মনে করেন তিনি। বড় কোনো ঝগড়ার পরেও শান্তিতে পাশে বসে থাকার যে আশ্রয়, তা তিনি কেবল পরিবারের মধ্যেই খুঁজে পান। কর্মব্যস্ততার মাঝেও টোটার কাছে পরিবারই শেষ কথা। কেরিয়ারের ইঁদুর দৌড়ে না মেতে তিনি বরং বেছে নিয়েছেন সম্পর্কের শান্তি ও মানসিক তৃপ্তিকে। তাঁর এই সহজ অথচ গভীর জীবনদর্শন বর্তমান প্রজন্মের কাছে এক বড় অনুপ্রেরণা।
