পরিবেশ রক্ষার ডাক, ফলতায় গাছ লাগিয়ে কর্মসূচির সূচনা শুভেন্দুর

সর্বশেষ খবর

ফলতা সফরের শুরুতেই বৃক্ষরোপণ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার বার্তা দিলেন তিনি

রাজ্যে সরকার গঠনের পর দ্বিতীয়বার এবং ফলতা বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর এই প্রথম দক্ষিণ ২৪ পরগনার ফলতা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার তাঁর একাধিক কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর জল্পনা। বিশেষ করে ফতেপুর ফুটবল মাঠের জনসভা থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।

এর আগে সকালে পরিবেশ সংরক্ষণের বার্তা দিতে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় নেতৃত্ব ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে কয়েকটি চারা গাছ রোপণ করেন তিনি। পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার বার্তাও দেন মুখ্যমন্ত্রী।

বুধবার ফতেপুর ফুটবল মাঠে একটি মেগা জনসমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। বিধানসভা নির্বাচনের আগে এই ফলতার মাটি থেকেই বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে (Debangshu Panda) বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছিলেন তিনি। সেই আহ্বানের পর ফলতা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী এক লক্ষ নয় হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হন। একসময় তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই কেন্দ্রে বিজেপির এই জয়কে রাজনৈতিক মহল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে।
ফলে নির্বাচনের ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রীর এই প্রথম সফরকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে।

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই সভা থেকে উন্নয়ন, প্রশাসনিক অগ্রাধিকার এবং রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন শুভেন্দু অধিকারী।
রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়েও মুখ্যমন্ত্রী কড়া অবস্থান স্পষ্ট করতে পারেন। বিশেষ করে ফলতার বহুচর্চিত জাহাঙ্গির ওরফে ‘পুষ্পা’ প্রসঙ্গেও তিনি মন্তব্য করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।

ফতেপুরের জনসভায় যোগ দেওয়ার আগে শ্রীনাথ ইনস্টিটিউশনের মাঠে আয়োজিত জনকল্যাণ শিবিরেও উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। সেখানে বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে পরিষেবা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
এদিন ফতেপুরের জনসভার পাশাপাশি শ্রীনাথ ইনস্টিটিউশনের মাঠে আয়োজিত জনকল্যাণ শিবিরেও যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

দেবাংশু পাণ্ডা জানিয়েছেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং প্রশাসনিক পরিষেবা আরও সহজলভ্য করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ফলতার বিধায়ক দেবাংশু পাণ্ডা জানিয়েছেন, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মঙ্গলবার থেকেই প্রশাসনিক প্রস্তুতি জোরদার হয়েছে। সভাস্থলে নিরাপত্তা ব্যবস্থা, যান নিয়ন্ত্রণ, মঞ্চ নির্মাণ-সহ সমস্ত বিষয় খতিয়ে দেখা হয়েছে। ইতিমধ্যেই কর্মী-সমর্থকদের ভিড় জমতে শুরু করেছে। ফলে ফতেপুরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যে কী বার্তা উঠে আসে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *