আবারও মন জিতল জাপান সমর্থকদের সংস্কৃতি

খেলা সর্বশেষ খবর

বিশ্ব ফুটবলে শুধু মাঠের পারফরম্যান্সই নয়, সংস্কৃতি ও শৃঙ্খলার দিক থেকেও বার বার নজর কেড়ে নিচ্ছেন জাপানের সমর্থকেরা। কাতার বিশ্বকাপে প্রথম যে দৃশ্য বিশ্ববাসীকে মুগ্ধ করেছিল, সেই একই ছবি এবার দেখা গেল আমেরিকাতেও। খেলা শেষ হওয়ার পর স্টেডিয়াম পরিষ্কার করতে ব্যস্ত জাপানি সমর্থকেরা—এই দৃশ্য আবারও ভাইরাল হয়ে মন জয় করল সকলের।

বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল জাপান। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচ ২-২ গোলে ড্র হয়। কিন্তু ম্যাচের পর যা ঘটল, সেটাই হয়ে উঠল আসল আলোচনার বিষয়। ডালাসের স্টেডিয়ামে খেলা চলাকালীন ছড়িয়ে থাকা প্লাস্টিক বোতল, খাবারের প্যাকেটসহ সমস্ত আবর্জনা নিজেরাই পরিষ্কার করতে শুরু করেন জাপানের সমর্থকেরা। বড় বড় প্লাস্টিক ব্যাগে ভরে সেই ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলেন তাঁরা।

শুধু নিজেদের ম্যাচ নয়, অন্য দলের খেলা দেখতে গিয়েও একই কাজ করতে দেখা যায় তাঁদের। এই অভ্যাস নতুন নয়—জাপানের ঘরোয়া লিগেও প্রতি ম্যাচের পর সমর্থকেরা নিজেদের ব্যবহৃত স্থান পরিষ্কার করেন। তাঁদের মতে, স্টেডিয়ামে যে নোংরা হয়, তার দায়িত্বও দর্শকদেরই নেওয়া উচিত।

এই শৃঙ্খলাবোধ ও সামাজিক দায়িত্ববোধের জন্যই আবারও প্রশংসায় ভাসছে জাপানের সমর্থকেরা। বিশ্ব ফুটবলের মঞ্চে তারা শুধু খেলাতেই নয়, আচরণেও তৈরি করছে এক অনন্য উদাহরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *