টলিউডে ফেডারেশনের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে

বিনোদন সর্বশেষ খবর

টলিউডে ফেডারেশনের ভবিষ্যৎ নিয়ে জল্পনা ক্রমশই ঘনীভূত হচ্ছে। টেকনিশিয়ানদের সঙ্গে প্রথম বৈঠকের পর এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা-রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ফেডারেশন থাকবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর বা উপস্থিত অন্য কোনও নেতার নেই; চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বুধবার টেকনিশিয়ান স্টুডিয়োয় আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে টলিউডের ২৬টি গিল্ডের ৩২ জন সদস্য তাঁদের নানা অভাব-অভিযোগ তুলে ধরেন। ধৈর্য সহকারে সব বক্তব্য শোনার পর রুদ্রনীল আশ্বাস দেন, এই সমস্ত বিষয় তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন। তাঁর কথায়, নতুন সরকারের মূল লক্ষ্য একটি দুর্নীতিমুক্ত ও কাজ-কেন্দ্রিক ইন্ডাস্ট্রি গড়ে তোলা, যেখানে সবাই সমান সুযোগ পাবেন।

এদিকে, ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে ফেডারেশনকে ঘিরে দুর্নীতির অভিযোগ উঠছিল। সেই প্রেক্ষিতে ফেডারেশনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে রুদ্রনীল জানান, ভবিষ্যতে সমস্ত সংগঠনের প্রতিনিধি নির্বাচিত হবেন স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। সদস্যদের ভোটেই নির্ধারিত হবে নেতৃত্ব।

বৈঠকে উপস্থিত ছিলেন সৃজিত মুখার্জী, ইন্দ্রদীপ দাশগুপ্ত,পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালক ঝ অভিনেতাদের একাংশও। তাঁদের বক্তব্য, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা যেন কাজের ক্ষেত্রে প্রভাব না ফেলে। একই সুরে রুদ্রনীলও বলেন, “রাজনৈতিক মত যার যার, কিন্তু কাজ সবার।”

অন্যদিকে, কয়েকজন কলাকুশলী তাঁদের ওপর হওয়া অত্যাচার ও হুমকির অভিযোগ তুলে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা নিরাপদ ও স্বাধীন কর্মপরিবেশের দাবি জানান। এই পরিস্থিতিতে টলিউডের ভবিষ্যৎ কোন পথে এগোবে, এখন সেই দিকেই তাকিয়ে গোটা ইন্ডাস্ট্রি।