নিউ টাউনে ১০০০ বেডের ‘আদানি হেল্থ সিটি’! মেয়ো ক্লিনিকের সঙ্গে হাত মিলিয়ে বড় বিনিয়োগের পরিকল্পনা

রাজ্য সর্বশেষ খবর

পশ্চিমবঙ্গে বড়সড় স্বাস্থ্য বিনিয়োগের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আদানি গোষ্ঠী। কলকাতার নিউ টাউনে ১,০০০ শয্যার অত্যাধুনিক ‘আদানি হেল্থ সিটি’ গড়ে তোলার প্রস্তাব সামনে এসেছে। নবান্ন সূত্রের খবর, সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আদানি গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর করণ আদানির বৈঠকে এই প্রকল্প নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, নিউ টাউনে তৈরি হতে চলা এই হেল্থ সিটিতে থাকবে ১,০০০ বেডের মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল। এর মধ্যে ৫০০টি বেড সাধারণ ও মধ্যবিত্ত মানুষের জন্য তুলনামূলক কম খরচে চিকিৎসার উদ্দেশ্যে সংরক্ষিত থাকবে। বাকি ৫০০টি বেড আন্তর্জাতিক মানের পেইড পরিষেবার জন্য নির্ধারিত হবে, যেখানে দেশ-বিদেশের রোগীরা চিকিৎসা করাতে পারবেন।
এই প্রকল্পের অন্যতম বড় আকর্ষণ বিশ্বের অন্যতম শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান মেয়ো ক্লিনিক-এর সহযোগিতা। হাসপাতালের ক্লিনিক্যাল প্রোটোকল, চিকিৎসা পরিষেবার মান, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, গবেষণা এবং আধুনিক হাসপাতাল পরিচালনায় কৌশলগত পরামর্শ দেবে মার্কিন এই সংস্থা।

আদানি গোষ্ঠীর পরিকল্পনা অনুযায়ী, এটি শুধুমাত্র একটি হাসপাতাল নয়, বরং একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এখানে একটি মেডিক্যাল কলেজ থাকবে, যেখানে প্রতি বছর ১৫০ জন এমবিবিএস পড়ুয়াকে ভর্তি করানোর পরিকাঠামো থাকবে। পাশাপাশি AI, বায়োমেডিক্যাল ইনফরমেটিক্স ও ক্লিনিক্যাল রিসার্চের অত্যাধুনিক গবেষণাগার, রেসিডেন্ট ডাক্তারদের প্রশিক্ষণ এবং ফেলোশিপের ব্যবস্থাও থাকবে।
বর্তমানে পশ্চিমবঙ্গ ও পূর্ব ভারতের বহু রোগীকে জটিল চিকিৎসার জন্য চেন্নাই, বেঙ্গালুরু বা মুম্বই যেতে হয়। এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, উত্তর-পূর্ব ভারত এবং প্রতিবেশী বাংলাদেশ, নেপাল ও ভুটানের রোগীরাও কলকাতায় আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন।

তবে প্রকল্পটি এখনও প্রস্তাবের পর্যায়ে রয়েছে। জমি বরাদ্দ, সরকারি অনুমোদন এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *