তোলাবাজি-শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! সন্তোষপুরে গভীর রাতে পুলিশের অভিযান

ভাইরাল রাজনীতি রাজ্য সর্বশেষ খবর

কলকাতায় তোলাবাজি ও মহিলার শ্লীলতাহানির অভিযোগে আরও এক প্রাক্তন তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। এবার পুলিশের জালে ধরা পড়লেন কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা ১১ নম্বর বরোর প্রাক্তন চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী। শুক্রবার গভীর রাতে সন্তোষপুরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে সার্ভে পার্ক থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে সার্ভে পার্ক থানায় দুটি পৃথক লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে গত ২৩ জুন দুটি পৃথক এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়।
প্রথম মামলায় এক মহিলার শ্লীলতাহানির অভিযোগের পাশাপাশি বেআইনিভাবে বাধা সৃষ্টি, মারধর, ভাঙচুর, জোরপূর্বক পোশাক টানার অভিযোগ, প্রাণনাশের হুমকি, চুরি এবং অনধিকার প্রবেশ-সহ একাধিক গুরুতর ও জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। দ্বিতীয় মামলায় তাঁর বিরুদ্ধে তোলাবাজি ও সিন্ডিকেটের মাধ্যমে বেআইনি অর্থ আদায়ের অভিযোগ আনা হয়েছে।

তদন্তকারী আধিকারিকদের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব খাটানো, সাধারণ মানুষকে ভয় দেখানো এবং জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগ উঠছিল তাঁর বিরুদ্ধে। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

শনিবার ধৃত প্রাক্তন কাউন্সিলরকে আলিপুর আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, এই মামলার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না এবং অভিযোগের নেপথ্যে বৃহত্তর কোনও চক্র রয়েছে কি না, তা জানতে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই বিভিন্ন পুরসভা এলাকায় পুরনো অভিযোগের ভিত্তিতে একাধিক প্রাক্তন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। গত কয়েক সপ্তাহে তোলাবাজি, সিন্ডিকেট রাজ এবং সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে একাধিক গ্রেফতারির ঘটনা ঘটেছে। সেই তালিকায় এবার যুক্ত হল প্রাক্তন কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *