নেইমারকে ছাড়াই গ্রুপ পর্বের ভাবনায় ব্রাজ়িল শিবির

খেলা সর্বশেষ খবর

নেইমার জুনিয়রকে নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে ব্রাজ়িল শিবিরে। কাফ মাসলের চোট এখনও পুরোপুরি না সারায় বিশ্বকাপের গ্রুপ পর্বে তারকা স্ট্রাইকারকে ছাড়াই পরিকল্পনা করছে কোচ কার্লো আনচেলোত্তির দল।

গত ১৭ মে স্যান্তোসের হয়ে খেলতে গিয়ে চোট পান নেইমার। পরীক্ষায় ধরা পড়ে ‘গ্রেড টু’ কাফ মাসল ইনজুরি। অভিজ্ঞতার কথা মাথায় রেখে তাঁকে বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখা হলেও এখনও পুরো ফিট নন ৩৪ বছরের এই ফুটবলার। অনুশীলনে সম্পূর্ণ স্বাভাবিক দেখাচ্ছে না তাঁকে, এমনটাই জানাচ্ছে ব্রাজ়িলের সংবাদমাধ্যম।

ব্রাজ়িল ফুটবল ফেডারেশন এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও মেডিক্যাল টিম নেইমারের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। ঝুঁকি নিতে নারাজ তারা। পুরো ৯০ মিনিট অনুশীলনে স্বচ্ছন্দ না হওয়া পর্যন্ত তাঁকে ম্যাচে নামানো হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে খেলতে পারেননি নেইমার। আগামী ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডের বিরুদ্ধে নামার সম্ভাবনাও ক্ষীণ। তুলনামূলক সহজ প্রতিপক্ষ হওয়ায় গ্রুপ পর্বে তাঁকে বিশ্রাম দিয়ে নকআউটের জন্য প্রস্তুত রাখার দিকেই ঝুঁকছে ব্রাজ়িল টিম ম্যানেজমেন্ট।

নেইমারের অনুপস্থিতি অবশ্যই বড় ধাক্কা, তবে দলগত শক্তির উপর ভরসা রেখেই এগোতে চাইছে ব্রাজ়িল। এখন দেখার, সময়মতো ফিট হয়ে নকআউট পর্বে কতটা প্রভাব ফেলতে পারেন তারকা ফুটবলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *