Weather Update: তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, কবে সহায় হবেন ‘বরুণদেব’? জানুন আজকের আপডেট

আবহাওয়া সর্বশেষ খবর

দীর্ঘদিনের তীব্র গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার পর অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। নতুন পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এই আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়তে পারে কলকাতাতেও (Kolkata Weather Update)। শহর-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।আবহাওয়াবিদদের মতে, ২৮ মে বৃহস্পতিবার থেকেই কলকাতার আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত মিলতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরেও একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও সপ্তাহান্তের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Update)। বজ্রপাত এবং দমকা হাওয়ার আশঙ্কায় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। তবে বৃষ্টি শুরু হলেও গরম থেকে সম্পূর্ণ মুক্তি এখনই মিলবে না। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমের অনুভূতি বজায় থাকবে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অস্বস্তিকর আবহাওয়া আরও কিছুদিন চলতে পারে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি বেশি। অন্যদিকে শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পঙেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ উপকূলীয় ওড়িশা ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের কারণেই এই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও আগামী পাঁচ দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বৃষ্টির পরে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে, ফলে সপ্তাহের শেষে কিছুটা স্বস্তি পেতে পারেন দক্ষিণবঙ্গের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *