রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ (DA) আন্দোলন ঘিরে এবার বড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, চলতি মে মাসের শেষেই নবান্নে (Nabanna) ডিএ আন্দোলনকারী বিভিন্ন সংগঠন ও কো-অর্ডিনেশন কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগামী ৩০ মে এই গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে।
সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) গঠনের ঘোষণা করা হলেও ডিএ (Dearness Allowance) নিয়ে কোনও নির্দিষ্ট ঘোষণা না হওয়ায় সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। কারণ দীর্ঘদিন ধরেই বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী (Government Employees) ও পেনশনাররা (Pensioners)। এমন পরিস্থিতিতে আন্দোলনকারী সংগঠনগুলিকে সরাসরি আলোচনায় ডাকায় নতুন করে জল্পনা শুরু হয়েছে প্রশাসনিক মহলে।
ডিএ আন্দোলনের অন্যতম মুখ ‘সংগ্রামী যৌথ মঞ্চ’ (Sangrami Joutha Mancha)-এর পক্ষ থেকেও এই বৈঠকের কথা নিশ্চিত করা হয়েছে। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ (Bhaskar Ghosh) জানিয়েছেন, ডিএ মামলাকারী এবং আন্দোলনকারী সমস্ত সংগঠনের প্রতিনিধিদের নবান্নে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। দীর্ঘদিনের আন্দোলন, আইনি লড়াই এবং কর্মচারীদের ক্ষোভের আবহে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
সূত্রের খবর, নতুন সরকার শুরুতেই সরকারি কর্মচারীদের সঙ্গে সংঘাতের পথে হাঁটতে চাইছে না। বরং আলোচনার মাধ্যমেই বকেয়া ডিএ সমস্যার একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার চেষ্টা চলছে। শুধু তাই নয়, আন্দোলনের জট কাটাতে একটি নির্দিষ্ট রোডম্যাপ (Roadmap) তৈরি হতে পারে এই বৈঠকে।
এখন ৩০ মে-র বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারী, শিক্ষক ও পেনশনাররা। এই বৈঠকের পর ডিএ ইস্যুতে বড় কোনও ঘোষণা আসে কি না, সেটাই এখন দেখার।
